ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ- বিএনপি সংঘর্ষে আহত ৫
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের দিন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ছলিমগঞ্জে এ সংঘর্ষ হয় বলে নবীনগর থানার ওসি আবু জাফর জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ছলিমগঞ্জে প্রচারণার জন্য গেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন তাকে ধাওয়া করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে বিএনপি নেতা জামির হোসেন ও রাশেদ হোসেনকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি আবু জাফর।
তৃতীয় দফা উপজেলা পরিষদ ভোটের ৩২ ঘণ্টা আগে অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচারণা বন্ধ করেছে নির্বাচন কমিশন। এ আইন কেউ লংঘন করলে কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানা, এমনকি প্রার্থিতা বাতিলও করতে পারে কমিশন।
