মন্ত্রী-প্রতিমন্ত্রী আচরণবিধি ভাংছে: রিজভী
উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ভোটের আগের দিন এক মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে বিএনপি।
ভোটের প্রাক্কালে সারাদেশে বিএনপি সমর্থিত প্রার্থীর নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার রাতে ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সরকার সমর্থিত প্রার্থীদের জেতানোর জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ১৬৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীদের আঘাতে আহত হয়েছেন ২১০ জনের বেশি নেতা-কর্মী।’’
শনিবার তৃতীয় দফার নির্বাচনে ৪১ জেলার ৮১ উপজেলায় ভোটগ্রহণ হবে।
রাত সাড়ে ৮টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “রেল মন্ত্রী ও কুমিল্লার সাংসদ মজিবুল হক চৌদ্দগ্রাম উপজেলায় দাওয়াতের নামে দলীয় নেতা-কর্মীর বাড়ি বাড়ি বৈঠক করে কেন্দ্র দখলের মাধ্যমে নির্বাচনে জয়লাভের পরিকল্পনা করছেন।”
ময়মনসিংহের ধোবাউড়ায় স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করেন রিজভী।
“তিনি নির্বাচনকে প্রভাবিত করতে পতাকা উড়িয়ে নিজ উপজেলায় দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। এটি নির্বাচনী আচরণ বিধির সরাসরি লঙ্ঘন। স্থানীয় প্রশাসনকে কাজে লাগাতে তিনি এখন এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন।”
রিজভী বলেন, ভোটারবিহীন নির্বাচনের পর উপজেলায় জিততে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। সব উপজেলাতেই ভোট কেন্দ্র ‘দখলের পাঁয়তারা’ চলছে।
চাঁদপুরের কচুয়া, ময়মনসিংহের ফুলপুর, রাজশাহীর গোদাগাড়ী, নীলফামারী সদর ও চট্টগ্রামের রাউজানে ক্ষমতাসীন দলের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রচারে বাধা দিয়েছে বল্রেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ‘‘চট্টগ্রামের রাউজানে আওয়ামী দুবৃর্ত্তরা উত্তর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরীর ওপরও হামলা চালায়। তার গাড়িতে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন আহত হন।”
বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করীম শাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের আবুল হোসেন সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
