ফের হামলা সেই আ. লীগ নেতার
পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীতে ফের সংখ্যালঘু ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছে বহিষ্কৃত এক আওয়ামী লীগ নেতা।
সোমবার লাউকাঠি বাজারে এ হামলায় কুপিয়ে ও পিটিয়ে পাঁচ জনকে রক্তাক্ত জখম করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
আহতদের মধ্যে অ্যাডভোকেট পল্টন চ্যাটার্জি ও নেপাল দাসকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অজয়সহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহত অজয় জানান, গত ১২ জানুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা বাহাদুর শেখ সদর উপজেলার লাউকাঠি বাজারের ব্যবসায়ী ফটিক চন্দের দোকানে হামলা চালান।
ওই সময় ফটিকের আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী ঘটনার প্রতিবাদ করলে তাদের উপর ক্ষিপ্ত থাকেন বাহাদুর।
ওই ঘটনার জের ধরে সোমবার বিকালে লাউকাঠি বাজারের দক্ষিণ প্রান্তে ফটিকের প্রতিবেশী ও ভাইয়ের ছেলে সঞ্জয়, পল্টন ও নেপালসহ স্বজনরা তাদের ব্যবসা-প্রতিষ্ঠানে বসে গল্প করছিলেন।
এ সময় বাহাদুর শেখ তার দলবল নিয়ে তাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে পাঁচ জনকে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই পুলিশ বাহাদুরসহ জড়িতদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গত ১২ জানুয়ারি ব্যবসায়ী ফটিক চন্দের কাছে বাকিতে সিগারেট চেয়ে না পেয়ে তার চায়ের দোকানে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল ভাংচুর এবং তাদেরকে মারধর করেন।
এ ঘটনায় লাউকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সভাপতি বাহাদুর শেখকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
