২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন না দিলে মাশুল দিতে হবে: খালেদা

শিগগিরই নতুন নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। না দিলে তার মাশুল সরকারকে দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসা খালেদা রোববার আইনজীবীদের এক অনুষ্ঠানে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন।

ঢাকা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদেই জয়ী হয় বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

অনুষ্ঠানে খালেদা বলেন, “বিদেশিরা বলেছে, ৫ জানুয়ারি নির্বাচনে জনগণ ভোট দেয়নি। ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই। তারাও অতিদ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে।

“সরকারকে বলব, জনগণ নির্বাচনের জন্য হয়ে উন্মুখ হয়ে আছে। সময় থাকতে কথা না শুনলে আরো বেশি মাশুল আপনাদের দিতে হবে।”

নির্দলীয় সরকারের অধীনে বিএনপি নতুন করে নির্বাচন দাবি করে এলেও তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো সাড়া মিলছে না।

বিএনপিকে আরো পাঁচ বছর অপেক্ষা করতে বলার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রোববারও বলেছেন, দশম সংসদ নির্বাচনে অংশ না নেয়া ছিল বিএনপির ‘মস্ত বড় ভুল’।

তবে ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত শেখ হাসিনার সরকারকে অবৈধ বলে আসছেন বিএনপি চেয়ারপারসন।

নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি এখন বিদেশিদের দুয়ারে ধরনা দিচ্ছে বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে খালেদা বলেন, “ভোটারবিহীন নির্বাচনে অবৈধ সরকার গঠন করে এখন তারাই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। নিজেদের পক্ষে স্বীকৃতি আনতে দূত পাঠাচ্ছে।”

উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিতদের জয়ী করে জনগণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের ওপর অনাস্থা জানিয়েছে বলেও দাবি করেন খালেদা।

“জনগণ ভোট দেবে না- এই ভয়ে তারা জোর করে উপজেলা দখল করছে। উপজেলায় যদি তারা সন্ত্রাস ও গুণ্ডামি না করত, তবে সব মিলিয়ে একশ’ উপজেলায় জয় হবে কি না, সন্দেহ রয়েছে।”

পুলিশ ও র‌্যাবকে আওয়ামী লীগের কর্মীবাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।

“আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেয়া হচ্ছে। অন্যদিকে ৩০ জন ফাঁসির আসামিসহ খুনি-সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হচ্ছে। ওই সব সন্ত্রাসীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, এতে সন্ত্রাস বেড়ে গেছে।”

বিরোধী দলকে সভা-সমাবেশ করতে না দেয়ার সমালোচনা করে খালেদা বলেন,  “শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের শোভাযাত্রা করে দেয়া হয়নি। অথচ আওয়ামী লীগ রাস্তা বন্ধ করে সমাবেশ করেছে। এর নাম কি গণতন্ত্র?”

বিদ্যুৎ দাম না বাড়াতে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, “কার স্বার্থে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে? দলীয় লোকজনকে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট দেয়া হয়েছে, তাদের ভর্তুকি দেয়ার জন্য।”

তিস্তা চুক্তি ও সীমান্ত হত্যা বন্ধ না হলে ভারতকে ট্রানজিট দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসন।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মহসীন মিয়া ও সাধারণ সম্পাদক মোসলেহউদ্দিনসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই খালেদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহসিন মিয়া।

আইনজীবীদের অভিনন্দন জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “সরকারের প্রতি কারো কোনো আস্থা নেই। ঢাকা বারসহ জেলা বারগুলোতে আমাদের প্যানেলের বিজয়ে তার প্রতিফলন ঘটছে। আমরাঐক্যবদ্ধ থাকলে সর্বত্র বিজয়ী হব।”

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, খোন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, জয়নুল আবেদীন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন প্রমুখ।

আইনজীবী নেতাদের মধ্যে এছাড়াও বক্তব্য রাখেন সানাউল্লাহ মিয়া, লুৎফে আলম, ফজলুর রহমান খান, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম, বোরহান উদ্দিন, আবদুল্লাহ মাহমুদ হাসান, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, আরফান উদ্দিন খান, খন্দকার দিদারুল ইসলাম, কামাল উদ্দিন, শামীমা আখতার শাম্মী, আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।