২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র জমা দিলেন ৫০ ‘হবু এমপি’

দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে দল ও জোটের মনোনীত ৫০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।

এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩৯, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, জাতীয় পার্টি ৬ ও স্বতন্ত্র সাংসদদের জোট তিনটি সংরক্ষিত আসন পাচ্ছে। এদের মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাসদের সঙ্গে আওয়ামী লীগের জোট রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীর কাছে জোটের ৪১ জনের মনোনয়নপত্র জমা দেন। বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী জমা দেন জাতীয় পার্টির ৬ জনের মনোনয়নপত্র।

এসময় প্রার্থী ছাড়াও প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জেসমিন টুলী বলেন, “নির্ধারিত ৫০টি আসনের বিপরীতে ৫০ জনের মনোনয়নপত্র জমা হয়েছে।”

ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ১১ মার্চ বাছাই শেষে ১৮ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় রয়েছে।

বরাদ্দ অনুযায়ী দলগুলো নির্দিষ্ট সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়ায় সংরক্ষিত আসনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এ যাবত। তারপরেও ভোটের জন্য এবারো ৩ এপ্রিল সময় নির্ধারিত রয়েছে।

নির্বাচিতদের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথের বিধান রয়েছে। দশম সংসদের প্রথম অধিবেশন চলবে ৩ এপ্রিল পর্যন্ত। সেক্ষেত্রে এ অধিবেশনেই যোগ দেয়ার সুযোগ রয়েছে সংরক্ষিত ৫০ নারী সাংসদের।

এবার সংসদে যাচ্ছেন যারা

দশম সংসদের ২৩১ আসনের বিপরীতে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত ৩৯ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে শেষ মুহুর্তে সুচিত্রা তনচংগ্যার পরিবর্তে আমিনা আহমেদকে মনোনয়ন দেয়া হয়।

গতবারের মহিলা সংসদ সদস্যদের মধ্যে তারানা হালিম, ফজিলাতুন নেসা বাপ্পী, ফজিলাতুন নেসা ইন্দিরা, আমিনা আহমেদ ও পিনু খান এবারো থাকছেন।

গতবার সরাসরি ভোটে বিজয়ী সানজিদা খানম ও নীলুফার জাফরউল্যাহ এবার মহিলা আসনের এমপি হতে যাচ্ছেন।

এছাড়া প্রার্থী হিসেবে নতুন যারা মনোনয়ন পেয়েছেন, তারা হলেন- সেলিনা জাহান লিটা, সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি, বেগম আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান বানু, শিরিন নাঈম পুনম, কামরুল লায়লা জলি, হেপী বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুৎফুন্নেছা, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, দিলারা মাহবুব আসমা, ফাতেমা তুজ্জহুরা, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বাবলী, কামরুন নাহার চৌধুরী লাভলী, রোখসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা, সাবিহা নাহার বেগম (সাবিহা মুসা), ফিরোজা বেগম চিনু ও আমিনা আহমেদ।

জাসদ থেকে কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহেরকে মনোনয়ন দেয়া হয়েছে। আর ওয়ার্কার্স পার্টির মনোনয়ন পেয়েছেন হাজেরা খাতুন।

জাতীয় পার্টির পক্ষ থেকে নুর-ই হাসনা লিলি চোধুরী ও মাহজাবীন মোরশেদকে এবারো মনোনয়ন দেয়া হয়েছে। বাকি চার জন হলেন- মেরিনা রহমান, শাহানারা বেগম, রওশন আরা মান্নান ও খুরশীদ আরা হক।

নবম সংসদে সংরক্ষিত আসনের সালমা ইসলাম ও নাসরিন জাহান রত্না এবার সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।

স্বতন্ত্রদের জোট থেকে মনোনয়ন পেয়েছেন- কাজী রোজি, অ্যাডভোকেট নূর জাহান বেগম (মুক্তা) ও অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল।