২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে কর আইনজীবী সমিতির নেতাদের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কর আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের একাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 10:48 PM

Updated : 25 Apr 2022, 03:54 PM

শনিবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্রধান উপদেষ্টা আহমেদ আজম খান ও ট্যাক্সসের বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আব্বাস উদ্দিনের নেতৃত্বে নবনির্বাচিত আইনজীবী নেতারা খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় সমিতির নবনির্বাচিত সহসভাপতি অ্যাডভোকেট এ এইচ এম মাহবুব সালেকীন, কোষাধ্যক্ষ দেওয়ারন জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম, গ্রন্থাগার সম্পাদক আবুল কালাম মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক জিয়াউল হক, নির্বাহী সদস্য আবদুল মজিদ, আবু নাঈম, এ কে নেসারউদ্দিন, আমির হোসেন, আরিফুল রহমান, আশরাফ হোসেন, আজম আলী খান, রফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ মল্লিক ও মহাসচিব অ্যাডভোকেট হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সমিতির ২১টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১৩টি পদে বিজয়ী হন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা ।

সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এরপর সদ্য কারামুক্ত স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সন্দীপের সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।