‘হার মেনেছে লিংকনের গণতন্ত্রের সংজ্ঞা’
শেখ হাসিনার ‘গণতন্ত্রের‘ কাছে আব্রাহাম লিংকনের ‘গণতন্ত্রের সংজ্ঞা’ হার মেনেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার দুপুরে নগর বিএনপির কার্যালয় প্রাঙ্গনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘অষ্টম কারাবন্দি দিবস’ উপলক্ষে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।
অনুষ্ঠানে ডা. শাহাদাত বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। অথচ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের দাবিদার আওয়ামী লীগ বর্তমানে অগণতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে।
“গণতন্ত্র প্রতিষ্ঠায় এদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে। দেশে আজ জনগণের সাংবিধানিক, মৌলিক ও গণতান্ত্রিক অধিকার বলতে কিছুই নাই। বিরোধী পক্ষের প্রতিবাদের সব পথ সরকার বন্ধ করে দিয়েছে।”
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য মুখে খৈ ফোটালেও গণতন্ত্র আজ এক ব্যক্তির ইচ্ছার কাছে বন্দি হয়ে পড়েছে।
“আব্রাহাম লিংকনের গণতন্ত্রের সংজ্ঞা শেখ হাসিনার গণতন্ত্রের কাছে হার মেনেছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে বাদ দিয়ে প্রহসনের নির্বাচনে সরকার গঠন করে আওয়ামী লীগ কষ্টার্জিত গণতন্ত্রকে কলঙ্কিত করেছে।”
তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে শাহাদাত বলেন, এক এগারো থেকেই বিভিন্ন মহল তারেক জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
“কিন্তু আজ পর্যন্ত একটি মামলায়ও তাকে দোষী প্রমাণিত করতে পারেনি। তারেক জিয়া তৃণমূল মানুষকে একত্রিত করে দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যেতে চেয়েছিলেন। এদেশের মানুষ তারই অপেক্ষায় আছে।”
চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সালাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির ইয়াছিন চৌধুরী লিটন, জামালখান ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।
