‘নির্বাচনে এদিক সেদিক করার সুযোগ নেই’
নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, স্যাটেলাইটের যুগে ইলেক্ট্রনিক মিডিয়ার সামনে নির্বাচনে এদিক-সেদিক করার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “সারা বিশ্বে গণতন্ত্রে যেভাবে ভোট হচ্ছে; আমাদের এখানেও ঠিক সেভাবে ভোট হচ্ছে। আমরা বিশ্বের নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আপ টু ডেট আছি।”
এখানে ভোট চুরির কোনো স্থান নেই; ডানে, বামে বা উপরের কোনো ইশারা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন প্রার্থী তাদের উপর প্রতিপক্ষের হামলা, প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের অভিযোগ করেন।
আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তথ্য উপাত্ত দিয়ে অভিযোগ করার আহবান জানিয়ে বলেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকারের সভাপতিত্বে জেলা রিটার্নিং অফিসার এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
