২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারপতন ছাড়া বিদ্যুতের দাম কমবে না’

আবারো বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেয়ায় সরকারের সমালোচনা করে বিএনপি বলেছে, এতে জনগণ ‘ক্ষতিগ্রস্ত’ হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 06:46 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “বর্তমান সরকারকে হটানো ছাড়া বিদ্যুতের দাম কমবে না।”

বিদ্যুতের দাম বাড়ালে স্বাভাবিকভাবেই পরিবহন ব্যয় ও বাজার দর বাড়বে মন্তব্য করে তিনি বলেন, “জনগণের ভোগান্তি বাড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবেন তারাই।”

সরকার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেয়ার পর মঙ্গলবার বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

প্রস্তাবগুলোর বিষয়ে বিইআরসির মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী শিগগিরই দাম বাড়ানোর ঘোষণা দেয়া হবে বলে বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, “উৎপাদন খরচ তো দিতে হবে। ব্যবহার করবেন আর দাম দেবেন না?”

রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে শ্রমিক দলের আলোচনা সভায় সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান বলেন, “বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি চলছে। প্রধানমন্ত্রীও বলেছেন- বিদ্যুতের দাম বাড়বে। আমরা মনে করি, এ সরকার ক্ষমতায় থাকলে বিদ্যুতের দাম কমবে না, বাড়বেই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলের নেতারা বলে আসছেন, বিগত বিএনপি সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ না নেয়ায় দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছিল। সেই অবস্থা থেকে আওয়ামী লীগের বিগত সরকার বিদ্যুৎ উৎপাদন প্রায় ৫ হাজার মেগাওয়াট বাড়িয়েছে।

অন্যদিকে বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের গত মেয়াদে  ‘কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট’ এর অনুমোদন দিয়ে ‘হাজার হাজার কোটি টাকা’ লুটপাট হয়েছে।

চাঁদা না দিলে ব্যবস্থা

শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা সংগঠনের মাসিক চাঁদা না দেয়ায় আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ করেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, “সংগঠনের ৩৫ নির্বাহী সদস্যের মধ্যে ১৩ জন, উপদেষ্টা পরিষদের ২১ জনের মধ্যে ১৬ ও কেন্দ্রীয় কমিটির ১৭৪ জনের মধ্যে ১১৮ জনই চাঁদা দেননি। এটা লজ্জার বিষয়।”

চাঁদা না দিলে কীভাবে সংগঠন চলবে- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, “আমি কিংবা সাধারণ সম্পাদক জাফরুল হাসান সাহেব চাঁদাবাজি করতে পারব না।”

আগামী ৭ দিনের মধ্যে চাঁদা পরিশোধ না করলে আগামীতে কেন্দ্রীয় ও মহানগর কমিটিতে রাখা হবে না বলে ঘোষণা দেন তিনি।

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের নির্বাহী সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, সিনিয়র সহসভাপতি মজিবর রহমান সারোয়ার, সহসভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম খান নাসিম সভায় বক্তব্য দেন।