২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হতাশার’ ফলেও ‘খুশি’ আ. লীগ

আশাহত হলেও প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনের ফল নিয়ে উৎকন্ঠায় নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 12:02 PM

Updated : 13 Oct 2022, 11:50 AM

দলটি বলছে, নির্বাচন শান্তিপূর্ণ করাই সরকারের লক্ষ্য ছিল, তাছাড়া এই নির্দলীয় নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তাদের সাফল্য এসেছে ব্যক্তির ভাবমূর্তির কারণে।

বুধবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকেও খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুযায়ী, ৯৭টি উপজেলায় গড়ে ৬২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। চেয়ারম্যান পদে ১ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের মধ্যে ১ কোটি ৪৪ হাজারের বেশি ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচনে ৫৬টিতে চেয়ারম্যান পদে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা জয়ী হয়েছেন। আওয়ামী লীগ নেতারা পেয়েছেন ৩৩টি চেয়ারম্যানের পদ।

ভোট অনুষ্ঠান এবং ফল নিয়ে দল তৃপ্ত কি-না জানতে চাওয়া হয়েছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের চ্যালেঞ্জ ছিল, সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে এই নির্বাচন করা। আমরা সফল হয়েছি। প্রমাণ হয়েছে, নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করেছে।”

এদিকে জাতীয় নির্বাচনের মাসের ব্যবধানে উপজেলা নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীদৈর পরাজয়ের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ দলের সাধারণ সম্পাদকের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন।

বৃহস্পতিবার রাতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের কারণ জানতে চেয়েছিল সাংবাদিকরা। জবাব না দিয়ে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে উপজেলা নির্বাচনে সরকারি দল সমর্থিত প্রার্থীদের পরাজয়ের জন্য সৈয়দ আশরাফকে দোষারোপ করে বলেন, “এলজিআরডি মিনিস্টার হিসাবে উনি কী জানতেন কবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে?”

অবশ্য মোটের ওপর বিএনপি নির্বাচনে অংশ নেয়ায় খুশি আওয়ামী লীগের নেতারা।

আওয়ামী লীগের নীতিনির্ধারকদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের লক্ষ্য পূরণ হয়েছে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েও বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে এবং তাদের সমর্থিত অনেক প্রার্থীই জয়লাভ করেছেন।

“পাঁচ জানুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই যে তারা অংশ নেয়নি- সেটা এখন প্রমাণ হয়ে গেছে।”

সফল বা ব্যর্থতার দৃষ্টিকোণ থেকে নির্বাচনের ফলকে দেখতে নারাজ হানিফ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা স্থানীয় নির্বাচন। এই নির্বাচনটা দলীয় ভাবে হয় নাই। এখানে দলীয় প্রতীক ছিল না। এটা নির্দলীয় নির্বাচন। এখানে যেই জয়ী হয়েছে- তিনি তার ব্যক্তি ইমেজে জয়ী হয়েছেন।”

“এই নির্বাচন দিয়ে রাজনৈতিক অবস্থান পরিমাপ করা ঠিক হবে না।”