২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই ‘নতুন’,  তাই ‘নেই’ মুলতবি প্রস্তাব

বিএনপিবিহীন সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে সরকারের ‘গঠনমূলক সমালোচনা’র কথা বললেও এখনো কোনো মুলতবি প্রস্তাব জমা দেননি জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 11:57 PM

Updated : 22 Aug 2022, 05:43 PM

বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম এর কারণ হিসেবে তার দলের অধিকাংশ সংসদ সদস্যের সংসদ কাজে অনভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

পর্যবেক্ষণে দেখা যায়, দশম সংসদে জাতীয় পার্টির এক-তৃতীয়াংশ সদস্য নবম সংসদে ছিলেন। কয়েকজন ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে সংসদ সদস্য হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদে সরকারের গঠনমূলক সমালোচনার অন্যতম একটি হাতিয়ার মুলতবি প্রস্তাব।”

সরকারে অংশ নেয়ায় জাতীয় পার্টির কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন নিয়ে অনেকের মতো তিনিও সংশয় প্রকাশ করেন। 

“আমি মনে করি, সরকারের অংশীদার হয়ে বিরোধী দলের দায়িত্ব পালন করা সম্ভব নয়।”

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৬২ বিধি অনুযায়ী জরুরি ও গুরুত্বপূর্ণ বিবেচনায় সংসদের যে কোনো সদস্য দিনের অন্য কাজ মুলতবি রেখে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার প্রস্তাব রাখতে পারেন।

স্পিকার মুলতবি প্রস্তাব গ্রহণ করলে কোনো একটি বিশেষ দিনে নির্ধারিত বিষয়ের ওপর সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন।

সংসদ সচিবালয়ে তথ্য অনুযায়ী, নবম সংসদে বিরোধী দল বিএনপি এক হাজারের বেশি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিল।

গত ২৯ জানুয়ারি দশম সংসদের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত পাঁচটি মুলতবি প্রস্তাব জমা পড়েছে, যার সবগুলোই দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম।

তিনি যেসব বিষয়ের ওপর আলোচনার জন্য মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন, সেগুলো হলো- সায়দাবাদ বাস টার্মিনালে চাঁদাবাজি, রেলে তেল চুরি, মেঘনা নদীতে অবাধে জাটকা নিধন, রাজশাহী মেডিকেল কলেজে ওষুধ চুরি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতি প্রসঙ্গে।

মুলতবি প্রস্তাব জমা না দেয়ার বিষয়ে বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বেশিরভাগ এমপিরাই এবার প্রথম সংসদে এসেছে। সব বিষয়ে তাদের ধারণাও কম।

“একারণে নোটিস দেয়ার ক্ষেত্রে একটু দেরি হচ্ছে। ’৭১ বিধিতে মনোযোগ আকর্ষণী নোটিস আমরা দিচ্ছি।”

সরকারের গঠনমূলক সমালোচনায় মুলতবি প্রস্তাব দেয়া হবে কি না- জানতে চাইলে তাজুল বলেন, “আমরা ধীরে ধীরে একটা সেটআপে যাচ্ছি। এমপিদের ওরিয়েন্টেশন চলছে। এটা শেষ হলে আমরা গঠনমূলক ভূমিকা রাখতে পারব।”

পুরনো খবর:

জাপার ভূমিকা নিয়ে সংসদে বিতর্ক