২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক নিয়ে দেশের মানুষের ধারণা সত্য প্রমাণিত: কামরুল

যুক্তরাষ্ট্র দূতাবাসের গোপন বার্তায় তারেক রহমান সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা শতভাগ সত্য প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 08:56 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি নেতা তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিতে দেশটির ঢাকা দূতাবাস থেকে ওয়াশিংটনে একটি গোপন বার্তা গিয়েছিল বলে উইকিলিকসের ফাঁস করা একটি বার্তার বিষয়ে সংবাদ গত মঙ্গলবার ও বুধবার দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা ওই বার্তাটি ২০০৮ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র দপ্তরে পাঠানো হয়।

এতে বলা হয়, “রাজনৈতিকভাবে সংঘটিত ব্যাপক মাত্রায় দুর্নীতির জন্য তারেক দায়ী বলে দূতাবাস মনে করে। তার দুর্নীতির কারণে মার্কিন ঘোষণাপত্রের ৪ নম্বর ধারায় বর্ণিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার লক্ষ্য বিনষ্ট হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয়েছে।”

বার্তায় তারেক রহমানকে ‘কুখ্যাত এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে, যাকে সবাই ভয় পায়’ বলে বর্ণনা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “তারেক রহমান সম্পর্কে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা ২০০৮ সালে। যেটা আজকে প্রকাশিত হয়েছে এবং আমরা জানতে পেরেছি।”

“এতে স্পষ্ট প্রমাণিত হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের তারেক রহমানের প্রতি যে ধারণা সেটা শতভাগ সত্য।”

খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে সরকার চেষ্টা করেছে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত করার। সেটা অনেকটা সফলও হয়েছে।

“সুখের বিষয় হলো বর্তমানে খাদ্য আমদানি করতে হয় না। ওএমএস সার্ভিসও সব সময় চালাতে হয় না।”

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’

দুর্নীতির ব্যাপারে সরকার ‘জিরো টলারেন্স’ দেখাবে উল্লেখ করে কর্মকর্তাদের হুঁশিয়ার করে খাদ্যমন্ত্রী বলেন, “দুর্নীতির ব্যাপারে আমাদের সরকারের জিরো লটারেন্স নীতি। দুর্নীতিকে কোনো প্রশ্রয় দেয়া হবে না।

“খাদ্য নষ্ট হবে, অপচয় হবে, নিম্ন মানের চাল-গম আমদানি করবেন, এসব আমি শুনতে রাজি না। আমি বিশ্বাস করি আপনারা সততার সাথে কাজ করেন।”

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো।

চট্টগ্রামে অত্যাধুনিক সাইলো খাদ্য গুদাম নির্মাণ করা হবে বলে জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অতিরিক্ত খাদ্য মজুদ করতে খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে।

“এসব আগেও হতে পারতো। কিন্তু তখনকার সরকার করেনি। ফলে সাইলো খাদ্য গুদাম নির্মাণ হয়নি।”

রাজশাহী ও রংপুর বিভাগে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হলেও চট্টগ্রামে সংকট রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এখানে কিছুটা সংকট থাকলেও লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে।

ওএমএস ডিলারদের কোন অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান।

সভায় অন্যান্যের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিউর রহমান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আজিজ মোল্লা এবং চট্টগ্রাম বিভাগের ১১ জেলার খাদ্য নিয়ন্ত্রকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।