ভোট ৫ বছর পর এই সংবিধানেই: আশরাফ
বিএনপির পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ মধ্যবর্তী নির্বাচন চাইলেও সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
‘ত্রুটিপূর্ণ নির্বাচনে অস্থিতির মুখে বাংলাদেশ’
সম্পর্ক ‘স্বাভাবিক’ নয়: মজীনা
তিনি স্পষ্ট বলে দিয়েছেন, পাঁচ বছর পর একাদশ সংসদ নির্বাচন হবে এবং তা হবে বর্তমান সংবিধানের আলোকেই।
বুধবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে একথা বলার সময় তার পাশেই ছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা।
সচরাচর এই ধরনের সভায় আওয়ামী লীগ সভানেত্রী বক্তব্য রাখলেও এদিন তার ব্যতিক্রম দেখা যায়।
পাঁচ বছর ক্ষমতায় থাকা নিষ্কণ্টক হবে না আভাস দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কোনো ধরনের ঢিলেমী না দিতেও বলেন সাধারণ সম্পাদক আশরাফ।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ভোট বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ।
বিএনপি এই নির্বাচন প্রত্যাখ্যান করে সংলাপের মাধ্যমে সমঝোতা করে নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচন দাবি করে আসছে।
আশরাফ বলেন, “আগামী নির্বাচনও বর্তমান সংবিধান অনুযায়ীই হবে। অনেকে সংবিধান পরিবর্তনের কথা বলেন। কিন্তু, তারা সংসদে নেই। যাদের সংসদে প্রতিনিধিত্ব আছে, তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই।
“সংখ্যাগরিষ্ঠতা কেবল আমাদের আছে। আমরাই সংবিধান পরিবর্তন করতে পারি (সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে)। কিন্তু আমাদের ইচ্ছা নেই।”
৫ জানুয়ারির নির্বাচনের আগে এবং অব্যবহিত পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিএনপির সঙ্গে আলোচনা করে সমঝোতা হলে আগাম নির্বাচন হতে পারে। তবে বিএনপিকে সহিংসতা ও জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে হবে।
ভোটের পর বিএনপির জোরালো কোনো কর্মসূচি না থাকলেও জামায়াত ছাড়ার প্রশ্নে খালেদা জিয়া আওয়ামী লীগের ‘নির্দেশনা’ না মানার কথা বলেছেন।
তবে চলমান পরিস্থিতিতে সঙ্কটজনক আখ্যায়িত করে নতুন নির্বাচনের জন্য সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন বিএনপি চেয়ারপারসন।
স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, সংবিধান অনুযায়ী মেয়াদকাল ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগে ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই।
“২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত এই সংসদের মেয়াদ। ২০১৯ সালের ২৮ জানুয়ারির পর আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি।”
এক্ষেত্রে দেশি-বিদেশি কোনো চাপের কাছে আওয়ামী লীগ নতি স্বীকার করবে না বলেও দৃঢ়তার সঙ্গে বলেন তিনি। “যতই প্রেসার আসুক। সংবিধান পরিবর্তন হবে না।”
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির এক শুনানির একদিন বাদেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্য এল।
ওই শুনানিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে সামনে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা প্রকাশ করে বিএনপিসহ সব দলকে নিয়ে আগাম নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
দশম সংসদ নির্বাচনের আগে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে আশরাফ বলেন, “অনেকেই আমাদের অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনের কথা বলেন। যখন আমরা বলেছি, আপনাদের কিভাবে হয়? আমরাও তো একইভাবে করতে চাই। যেভাবে ইউরোপ, আমেরিকা আর ভারতে হয়।
“আপনারা করলে রাইট, আমরা করলে রং? এভাবে কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তারাও টায়ার্ড হয়ে গেছে। তবে অনেকে হয় নাই। এখনো চালিয়ে যাচ্ছে।”
দশম সংসদ নির্বাচনের আগেও অনেক চাপ ছিল জানিয়ে তা মোকাবেলায় দলীয় প্রধান শেখ হাসিনার ভূমিকাও কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরেন আশরাফ।
“অনেক ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। কিন্তু, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের জন্য তা ঘটেনি। আমি উনার পাশে থেকে দেখেছি। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”
“এখনো ছেড়ে দিলে চলবে না, সজাগ থাকতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া যেন ব্যাহত না হয়। ক্ষমতায় এসেছি, রিল্যাক্স করব, সে সময় আসেনি,” নেতাদের সতর্ক করেন তিনি।
কারো নাম উল্লেখ না করে কোনো কোনো গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশ হচ্ছে অভিযোগ করে তার সমালোচনাও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
“কিছু কিছু পত্রিকা ভুয়া সংবাদ দিচ্ছে। নিউ ইর্য়ক টাইমস, লন্ডন টাইমস, ওমুক পত্রিকা, গার্ডিয়ানকে কোট করে ভুয়া নিউজ দিচ্ছে। কয়েক মাস ধরে এ প্রবণতা দেখা যাচ্ছে। শুধু খবরই মিথ্যা নয়, খবরের সোর্সও মিথ্যা।”
উপজেলা নির্বাচন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে দলীয় নেতাদের বলেন আশরাফ। প্রার্থী নির্বাচনে কিছু কিছু স্থানে সমস্যা রয়েছে স্বীকার করে তার সমাধানের আশাও দেন তিনি।
“প্রধানমন্ত্রী সারা দেশে নেতা-কর্মীদের চিঠি পাঠিয়েছেন। কিভাবে তৃণমূল কমিটি প্রার্থী চূড়ান্ত করবে, সে কথা বলা হয়েছে। আমাদের প্রতিটি উপজেলা তৃণমূলের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে।”
এক্ষেত্রে দলের সাংগঠনিক সম্পাদকরা কাজ করছেন জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, “যার যার এলাকায় সফর করে সমস্যা সমাধান করবেন।”
“আমাদের এ নির্বাচন হেলায় ফেলায় দেখলে চলবে না।”
সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে।
