২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ কারাগারে, রাজশাহীর ৪ উপজেলায় হরতাল

বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠানোর পর রাজশাহীর চার উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 06:52 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

চারঘাটে রেল লাইনের ফিস প্লেট খুলে ফেলা ও ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের পৃথক দু’টি মামলায় মঙ্গলবার দুপুরে আবু সাঈদ চাঁদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাকচ হয়।

এরপর তাক্ষণিৎকভাবে চারঘাট, বাঘা উপজেলা এবং কয়েকঘণ্টা পর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় হরতাল ডাকে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

চারঘাট উপজেলা চেয়ারম্যান চাঁদের আইনজীবী জহুরুল আলম বলেন, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আবু সাঈদ চাঁদ। শুনানি শেষে বিচারক সানাউল্লা জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন আবেদন নাকচ হওয়ার পরপরই চাঁদকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ সময় আদালাত চত্বরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

বিক্ষোভ থেকে বুধবার চারঘাট ও বাঘা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন চারঘাট বিএনপির সহসভাপতি আকবর হোসেন সরকার।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মুনির সাংবাদিকদের জানান, পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলায়ও হরতাল পালন করা হবে।

গত ১ ডিসেম্বর চারঘাটের সলুয়ায় রেল লাইনের ফিস প্লেট খুলে ফেললে পাঁচটি বগি লাইনচ্যুত হওয়া এবং ৫ ফেব্রুয়ারি ভোটের আগের রাতে কালাবিপাড়া ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনার মামলায় আবু সাঈদ চাঁদকে আসামি করা হয়।