ঢাকায় ওয়ার্ড কমিটিগুলো গঠনের নির্দেশ খালেদার
নির্বাচনের মাধ্যমে ঢাকা মহানগরীর ওয়ার্ডগুলোতে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এক মাসের মধ্যে ওই কমিটিগুলো গঠনের পর ঢাকা মহানগরীতে নতুন কমিটি গঠন করা হবে বলে সোমবার দলীয় চেয়ারপারসনের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
বিএনপিবিহীন নির্বাচনের পর এদিন ঢাকায় নেতাদের বৈঠক ডাকেন খালেদা। দল গুছিয়ে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা রয়েছে তার।
সালাম সাংবাদিকদের বলেন, “ঢাকা মহানগরীর একটি কার্যকর কমিটি গঠনের লক্ষ্যে কিছু নেতাকে দায়িত্ব দেবেন দলের চেয়ারপারসন। নির্বাচনের মাধ্যমে ওই নেতারা এক মাসের মধ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করবেন।
“এরপর মহানগরীর কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।”
নতুন কমিটি না হওয়া পর্যন্ত মহানগরের বর্তমান আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করে যাবে বলে জানান সালাম।
২০১১ সালের ১৪ মার্চ সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে ২১ সদস্যের ঢাকা মহানগর কমিটি গঠন করেছিলেন খালেদা। ওই সময়ে ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও তা হয়নি।
নির্দলীয় সরকারের আন্দোলনে ঢাকা মহানগর বিএনপির নিষ্ক্রিয়তা ছিল বিভিন্ন নেতা অভিযোগ করে আসছেন।
সালাম বলেন, “বিগত আন্দোলনে আমাদের ব্যর্থতা কী ছিল, কেন মাঠে নামতে পারিনি- ইত্যাদি নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশনেত্রী আমাদের বক্তব্য আগ্রহের সঙ্গে শুনেছেন।”
“বিগত আন্দোলনে আমাদের যতটুকু কাজ করার দরকার ছিল, তা করতে পারিনি, এই ব্যর্থতা আমাদের রয়েছে,” স্বীকারোক্তিও দেন তিনি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে গত ৫ জানুয়ারি নির্বাচনে রাজধানীতে নেতা-কর্মীদের নিষ্ক্রিয় ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে নেতারা জানান।
সালাম বলেন, দলের চেয়ারপারসন মহানগরকে শক্তিশালী একটি সংগঠনের পরিণত করতে যা কিছু প্রয়োজন তা-ই করবেন। এ ব্যাপারে তার ওপর সব দায়িত্ব দেয়া হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি ও আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন বর্তমানে কারাগারে। বৈঠকে সালাম ছাড়াও ছিলেন কাজী আবুল বাশার, শামসুল হুদা, এম এ কাইয়ুম, এস এ খালেক, মো. সাহাবউদ্দীন, আলী আজগর মাতব্বর,আবদুল মজিদ, আবু সাইদ খান খোকন, সাজ্জাদ জহির, আবদুল লতিফ, আবদুল আলিম নকি, মুন্সী বজলুল বাসিত আনজু, নুরজাহান মাহবুবসহ ৪৯ থানার নেতারা।
বৈঠকে নিখোঁজ নেতা চৌধুরী আলমের ছোট ভাই আরিফুল ইসলাম মিন্টুও উপস্থিত ছিলেন।
বৈঠককে কেন্দ্র করে নেতাদের সঙ্গে কয়েকশ’ নেতা-কর্মী কার্যালয়ের বাইরে অবস্থান নেয়। তারা নিজ নিজ এলাকার নেতার পক্ষে স্লোগানও দেয়।
দল গুছিয়ে সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামার ঘোষণার এক সপ্তাহ পর ঢাকা মহানগরের নেতাদের সঙ্গে বসলেন বিএনপি চেয়ারপারসন।
গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে জোরদার আন্দোলন শুরু করতে দল গোছানোর কাজ শুরু করবেন বলে জানান।
