২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার নেতাদের সঙ্গে বসছেন খালেদা

দল গুছিয়ে সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামার ঘোষণার এক সপ্তাহ পর ঢাকা মহানগরের নেতাদের সঙ্গে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 02:27 PM

Updated : 22 Aug 2022, 05:41 PM

সোমবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুস সালাম।

গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে জোরদার আন্দোলন শুরু করতে দল গোছানোর কাজ শুরু করবেন বলে জানান।

নতুন নির্বাচনের জন্য বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট কোনো দিনক্ষণ বেঁধে দেবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছেন তারা।

তা না হলে বিএনপি কবে থেকে জোরদার আন্দোলনে যাবে- জানতে চাইলে ওই সময় খালেদা সরকারের দমন-পীড়নের কথা তুলে ধরে দল গুছিয়ে অচিরেই কর্মসূচি দেয়ার কথা বলেন।   

আবদুস সালাম বলেন, বৈঠকে মহানগরের ১০০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়কদের ডাকা হয়েছে।

২০১১ সালের ১৪ মার্চ ঢাকার তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহবায়ক কমিটি করা হয়।

ওই আহবায়ক কমিটিকে ৬ মাসের মধ্যে থানা ও ওয়ার্ড কমিটি নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি করার সময়সীমা বেঁধে দিলেও এখনো তা করা সম্ভব হয়নি।

৫ জানুয়ারির ভোট বর্জনের আন্দোলনে সারাদেশে সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকলেও রাজধানীতে মহানগর কমিটির নিষ্ক্রিয়তা নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষাপটে মহানগর নেতাদের মতামত শুনতে খালেদা জিয়া এই বৈঠক ডেকেছেন বলে জানান আবদুস সালাম।

সর্বশেষ গতবছর নভেম্বরে মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।