স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায় বিএনপি
বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম-হত্যা করে সরকার দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেন, “গুম-হত্যার মাধ্যমে আজ সারাদেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। এ থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা গুম-হত্যা নয়, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।”
জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যাগে স্থানীয় বিএনপি নেতা ও হাজীরপাড়া ইউনিয়ন পরিষদের নিখোঁজ চেয়ারম্যান ওমর ফারুকের সন্ধানের দাবি এই সংবাদ সম্মেলন হয়।
গত ৪ ফেব্রুয়ারি সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওমর ফারুককে তার চট্টগ্রামের আত্মীয়ের বাসা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে বিএনপি।
বরকত উল্লাহ বুলু বলেন, “১৯৭৩-৭৪ সালেও এভাবে বিরোধী ও ভিন্নমতের রাজনৈতিক কর্মীদের তুলে নিয়ে গুম করা হয়েছিল। ওই সময় প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন পত্রিকায় কলাম লিখেছিলেন- স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।”
এখনো একই অবস্থা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করা হচ্ছে, বিচারবর্হিভুতভাবে হত্যা করা হচ্ছে। আমরা সরকারের কাছে এসব বন্ধের দাবি জানাচ্ছি।’’
এসব গুম-হত্যা বন্ধ না করলে বিএনপি আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবে বলে সতর্ক করে দেন বুলু।
সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর জেলা সভাপতি ও সাবেক সাংসদ আবুল খায়ের ভুঁইয়া বলেন, “হাজীরপাড়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের গুম করে নিয়ে যাওয়ার পর থেকে তার পরিবার-পরিজন ও দলের নেতাকর্মীরা উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছে।”
“আমরা এহেন গুম-হত্যা-জুলুম-নিপীড়নের অবসান চাই। অবিলম্বে ওমর ফারুকের সন্ধান চাই।’’
এছড়া বর্তমান সরকারের আমলে বশিকপুর ওয়ার্ড বিএনপিনেতা জাহাঙ্গীর আলম খোকন, যুবদলের দত্তপাড়া ইউনিয়নের নেতা আনোয়ার হোসেন, হাজীরপাড়া ইউনিয়নের মনির হোসেন, সদপূর্ব থানার নজরুল ইসলাম লিটন ও জয়পুর ইউনিয়নের সেলিম মিয়া এবং তেয়ারীগঞ্জ বিএনপিকর্মী আবুল কাশেম, রামগঞ্জের করপাড়া ইউনিয়নের নেতা আব্দুল কাদের, কড়পাড়া স্বেচ্ছাসেবক দল নেতা বাহারউদ্দিন ও রায়পুরা উপজেলা ৫ নং ইউনিয়ন ছাত্রদল নেতা রোমান ও দলাল বাজারের রুবেল হোসেনকে সরকারি বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে হত্যা করেছে বলে অভিযোগ করেন খায়ের।
তিনি বলেন, “এখনো হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলা ও গুমের আতঙ্কের-ভয়ে দুর্বিসহ ফেরারী জীবনযাপন করছে।”
১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগের শাসনমালে সরকারি পৃষ্ঠপোষকতায় লক্ষ্মীপুরের অ্যাডভোকেট নুরুল ইসলামসহ ২৯ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
এসময় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, স্থানীয় নেতা মনির আহমেদ, মাইনুদ্দিন চৌধুরী দিদার ও বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
