জলঢাকায় জামায়াত প্রার্থীকে সমর্থন বিএনপির
নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের দেয়া প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেয় জাতীয় পার্টি (এরশাদ)।
জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই উপজেলায় বিএনপির কোনো প্রার্থী না থাকায় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতাকর্মীদের জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে স্থানীয় বিএনপিসহ ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা জামায়াত মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করছেন বলে তিনি জানান।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মীর সেলিম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয়ভাবে করা হলেও জলঢাকায় ১৯ দলীয় জোটের পক্ষে জামায়াতের সৈয়দ আলীকে একক প্রার্থী করা হয়েছে। জোটের নেতাকর্মীরা তার পক্ষে কাজ করছেন।
এদিকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি দবির হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থন জানানো হয়।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল (আনারস), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্পনা রাণী রায় (ফুটবল)।
