নির্দলীয় সরকার ও দ্রুত নির্বাচনের দাবি বিএনপির
নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের এই বক্তব্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, “৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন জনগণের স্বতঃস্ফূর্ত বর্জনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে, তার কোনো বৈধ্যতা নেই। সরকার ও সংসদ অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক।
“এই অবস্থা থেকে উত্তরণে অতি দ্রুত সব দলের অংশগ্রহণের মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু, স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হচ্ছে।”
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠকের পর আলোচনার বিষয়ে কেউ মুখ খোলেনি। পরদিন দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি আকারে তা ই-মেইলে গণমাধ্যমকে পাঠানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের প্রস্তাবে বলা হয়, “একতরফা নির্বাচনের পর সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার হীন উদ্দেশ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের গণহারে হত্যা, গুম, নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রকে ধবংস করে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। বিরোধী দলের প্রকাশ্যে সভা-সমাবেশ-মিছিল করার রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে।”
বৈঠকে ‘হত্যা-নির্যাতন’ বন্ধ এবং সভা-সমাবেশ করার অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।
বিএনপির শীর্ষ নেতারা মনে করেন, নির্বাচন পরবর্তী সময়ে ‘অবৈধ’ সরকারের প্রস্তুত করা তালিকা অনুযায়ী যৌথ অভিযানের নামে বিরোধী দলের নেতা-কর্মীদের বন্ধুক যুদ্ধের ‘নাটক’ সাজিয়ে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে।
৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট বর্জন করেছে দাবি করে এজন্য দেশবাসীকে অভিনন্দন জানান বিএনপির নীতি-নির্ধারকরা।
নির্বাচন ঠেকানোর আন্দোলনে নিহতরা ‘গণতন্ত্রের জন্য আত্মত্যাগ’ করেছেন দাবি করে তাদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।
দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি দাবি করা হয় বৈঠকে।
স্থায়ী কমিটির ওই বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।
