২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ মাহবুব রফিক মুক্ত

সব মামলায় জামিন হওয়ায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ও রফিকুল ইসলাম মিয়া এবং চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 12:38 PM

Updated : 13 Oct 2022, 11:48 AM

পুরনো খবর:

মওদুদ ও মাহবুবের মুক্তিতে বাধা নেই
‘রফিক, আনোয়ারের মুক্তিতে বাধা নেই’

কারাধ্যক্ষ আব্দুল কুদ্দুস জানান, কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে মঙ্গলবার বেলা ১২টা ৪০ এ মুক্তি পান ব্যারিস্টার মওদুদ।

এর ঘণ্টা দেড়েক আগে রফিকুল ইসলাম মিয়া ও খন্দকার মাহবুব ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান বলে কারাগারের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবার রাত ১২টার দিকে তাদের জামিন আদেশের কাগজ কারাগারে আসে। সেগুলো যাচাই শেষে তাদের মুক্তি দেয়া হয়।”

বিএনপির নেতাকর্মীরা কারাগারের বাইরে এই তিন নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন। 

বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৮ নভেম্বর ৭২ ঘণ্টার হরতাল ডাকার পর মওদুদ ও রফিকসহ বিএনপির চার নেতাকে আটক করে পুলিশ। এর মধ্যে মওদুদকে হরতাল-অবরোধে নাশকতার ও হেফাজতকে উস্কানি দেয়ার অভিযোগে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরে গত ডিসেম্বরে অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরেকটি মামলা হলে তাতেও গ্রেপ্তার দেখানো হয় মওদুদকে।

রফিক গত ২ ফেব্রুয়ারি এবং মওদুদ সোমবার সবগুলো মামলাতেই জামিন পেয়ে যান। এর মধ্যে দুটি মামলায় রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলেও সর্বোচ্চ আদালত জামিন বহাল রাখে।

সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুবকে গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় তিনি গত ২২ জানুয়ারি জামিন পান। আর সোমবার অন্য মামলাতেও তাকে জামিন দেয় হাই কোর্ট।