মওদুদ ও মাহবুবের মুক্তিতে বাধা নেই
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মামলায় আট সপ্তাহের জামিন দিয়েছে হাই কোর্ট।
একটি করে মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপেদেষ্টা খন্দকার মাহবুব হোসেনও।
এই তিন নেতার মধ্যে মওদুদ ও খন্দকার মাহবুবের বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হয়ে যাওয়ায় তাদের মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। আর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল মুক্তই আছেন।
এছাড়া আদালত বিএনপি নেতা বরকত উল্লা বুলুকে ৬ মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে। কারাগারে থাকা হাফিজউদ্দিন আহমেদকে ৩ মামলায় এবং ফজলুল হক মিলনকে ১ মামলায় ৬ মাস করে জামিন দিয়েছে।
মওদুদ-মাহবুব
মওদুদ আহমদ জামিন পেয়েছেন অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের মামলায়। আর খন্দকার মাহবুবের জামিন হয়েছে পুলিশের কাজে বাধা ও আগুন দেয়ার অভিযোগে রমনা থানার মামলায়।
তাদের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ জামিন মঞ্জুর করে।
রোববার মহানগর দায়রা জজ এই দুই মামলায় তাদের জামিন নাকচ করেছিলেন।
বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৮ নভেম্বর ৭২ ঘণ্টার হরতাল ডাকার পর মওদুদসহ বিএনপির চার নেতাকে আটক করে পুলিশ। এর মধ্যে মওদুদকে হরতাল-অবরোধে নাশকতার ও হেফাজতকে উস্কানি দেয়ার অভিযোগে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরে গত ডিসেম্বরে অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরেকটি মামলা হলে তাতেও গ্রেপ্তার দেখানো হয় মওদুদকে।
সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুবকে গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় তিনি গত ২২ জানুয়ারি জামিন পান।
মওদুদের সহযোগী আইনজীবী একেএম এহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত মওদুদ স্যারকে জামিন দিয়েছেন। আদেশে আদালত বলেছে, বেইল অ্যান্ড রুল।”
আদালতে মওদুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মাহবুবের পক্ষে ছিলেন জয়নুল আবেদীন।
তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার মো. আনোয়ারুল ইসলাম শাহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন খোন্দকার দিলীরুজ্জামান।
আনোয়ারুল ইসলাম শাহিন বলেন, আদালত উভয়ের আবেদনে রুল জারি করেছে। এরমধ্যে মওদুদ আহমদকে ৬ মাস ও খন্দকার মাহবুবকে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেয়া হয়েছে।
সব মামলায় জামিন হয়ে যাওয়ায় তাদের ‘মুক্তিতে আর বাধা নেই’ বলেও দাবি করেন শাহিন।
কাশিমপুরে মওদুদকে জিজ্ঞাসাবাদ
এদিকে অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় করা মামলায় কাশিমপুর কারাগারে মওদুদকে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন।
দুদকের উপ-পরিচালক মো. হারুন অর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল কারাফটকে বিএনপি নেতাকে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের কথা জানালেও কী তথ্য পাওয়া গেছে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান দুদকের এই কর্মকর্তা।
গ্রেপ্তারের পর গত ৯ নভেম্বরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে নেয়া হয় বিএনপির এই নেতাকে।
মির্জা ফখরুল
রাজধানীর বাংলামোটর, শাহবাগ ও মালিবাগে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার ও হয়রানি না করার হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ার চারদিনের মাথায় তিন মামলায় জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন গাজী মো. মামুনুর রশীদ।
গাজী মো. মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত তিন মামলায় মির্জা ফখরুলকে আট সপ্তাহ জামিন দিয়েছে।
১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটর পুলিশবক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুলিশ কনস্টেবল মো. ফেরদৌস খলিল (৩৫) নিহত হন। পরদিন মির্জা ফখরুলকে এ ঘটনার উস্কানিদাতা হিসেবে উল্লেখ করে রমনা থানায় মামলা হয়।
এর আগে বিরোধী দলের ৭১ ঘণ্টা অবরোধের শেষে ২৯ নভেম্বর রাজধানীর শাহবাগে বাসে ছোড়া পেট্রোল বোমায় ১৮ জন দগ্ধ হন, যাদের মধ্যে তিনজন পরে হাসপাতালে মারা যান। ওই ঘটনায়ও উস্কানি ও ইন্ধনদাতা হিসেবে মির্জা ফখরুলের নাম উল্লেখ করে পরদিন শাহবাগ থানায় মামলা হয়।
আর ৩০ নভেম্বর মালিবাগে গাড়ি পোড়ানোর রমনা থানার তাকে আসামি করা হয়।
এ তিন মামলায় গত ১৬ জানুয়ারি ফখরুলের একটি আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে দেয় আপিল বিভাগ।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন শোনার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন রেখেছে আদালত। তবে এর মধ্যেই হাইকোর্টের ওই বেঞ্চ ফখরুলকে জামিন দিল।
মওদুদ ও মাহবুবের জামিন নাকচ
