২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রফিক, আনোয়ারের মুক্তিতে বাধা নেই’

হাই কোর্ট থেকে পঞ্চম মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য, যাদের মধ্যে দুই জনের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 06:36 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ রোববার শুনানি শেষে মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে তিন মাসের জামিন দেয়।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ।

মওদুদের চেম্বারের সহযোগী আইনজীবী আনোয়ারুল ইসলাম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “মওদুদ আহমদের বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে। বাকিদের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তারা মুক্তি পাবেন।”

তিনি বলেন, গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় এই মামলা দায়ের করা হয়। পরে ওই ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগে তিন বিএনপি নেতাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ নিয়ে পাঁচ মামলায় জামিন পেলেন এই তিন বিএনপি নেতা। যার দুটির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলেও সর্বোচ্চ আদালত জামিন বহাল রাখে।

গত ৮ নভেম্বর এই তিনজনসহ বিএনপির মোট পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

অবৈধভাবে বাড়ি দখলের অভিযোগে আরেক মামলায় মওদুদ গ্রেপ্তার আছেন। ওই মামলায় তার জামিন আবেদন রোববার মহানগর দায়রা জজ আদালতে নাকচ হয়ে যায়।

মওদুদ ও মাহবুবের জামিন নাকচ

দুই মামলায় ৪ বিএনপি নেতার জামিন বহাল