সমাবেশের অনুমতি না পেয়ে বিক্ষোভ কর্মসূচি বিএনপির
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রোববার রাতে দলের সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ দলীয় জোটের সমাবেশের কর্মসূচি অনেক আগে ঘোষণা করা হয়েছিল।
“এ ব্যাপারে আমরা মহানগর পুলিশকে চিঠিও দিয়েছি। এখন পর্যন্ত তারা সমাবেশের অনুমতি দেয়নি।
এর প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর থানায় থানায় সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।”
তিনি জানান, সোমবার নয়া পল্টনের কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
দুই বার পিছিয়ে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি দিয়েছিল ১৯ দল।
গত ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিলে হামলা ও বাধা দেয়ার প্রতিবাদে সেদিন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
