২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণআন্দোলনের মাধ্যমে সরকার হটাবো: নোমান

বর্তমান সরকার দেশের পাঁচ শতাংশ মানুষের সরকার-মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বাকি ৯৫ শতাংশ ভোটারকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 10:47 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর নসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন,“৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনে মাত্র পাঁচ শতাংশ ভোটার অংশ নিয়েছে।

“বাকি ৯৫ শতাংশ ভোটার বিএনপির আহ্বানে নির্বাচন বর্জন করেছেন।তাই বর্তমান সরকার পাঁচ শতাংশ মানুষের সরকার এবং শেখ হাসিনা পাঁচ শতাংশ মানুষের প্রধানমন্ত্রী।”

তিনি বলেন, “দলকে সংগঠিত করে ৯৫ শতাংশ ভোটারকে সাথে নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে পাঁচ শতাংশ জনগণের অবৈধ সরকারকে গণঅন্দোলনের মাধ্যমে আমরা পরাভূত করব।”

নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহদাত হোসেন,জামায়াতে ইসলামীর নগর শাখার আমির আ ন ম শামসুল ইসলাম,বিএনপি নেতা এম নাজিম উদ্দিন,আনোয়ার হোসেন,মাহবুবুর রহমান শামীম,শামসুল আলম, এম এ সবুর,আব্দুস সাত্তার,মেখ নুরুল্লা বাহার প্রমুখ বক্তব্য দেন।