২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বিজয় বাংলাদেশের সব নারীর: শিরীন শারমিন

স্পিকার পদে নিজের পুনর্নির্বাচিত হওয়াকে বাংলাদেশের নারীদের উৎসর্গ করেছেন শিরীন শারমিন চৌধুরী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 07:11 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

স্পিকার হিসেবে শপথ নিচ্ছেন শিরীন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে শপথ নিচ্ছেন শিরীন শারমিন চৌধুরী

প্রথম নারী স্পিকার পেল বাংলাদেশ

বুধবার দশম সংসদের স্পিকার নির্বাচিত হয়ে তিনি বলেছেন, ““দ্বিতীয়বারের মতো আমি স্পিকার নির্বাচিত হয়েছি। এ বিজয় বাংলাদেশের সকল নারীর।”

আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নবম সংসদের শেষ পর্যায়ে দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন।

বিএনপিবিহীন সংসদে বুধবার এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন তিনি। তবে ডেপুটি স্পিকার পদে নতুন এসেছেন গাইবান্ধার সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিক ফজলে রাব্বী মিয়া।

অধিবেশনের প্রথম দিন শুরুতেই কার্যসূচি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

স্পিকার পদে শিরীন শারমিনের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তা সমর্থন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তা সমর্থন করেন প্রধান হুইপ আ স ম ফিরোজ।

অধিবেশনে সভাপতিত্বকারী বিদায়ী ডেপুটি স্পিকার শওকত আলী দুটি প্রস্তাবকে আলাদাভাবে ভোটে দিলে ‘হ্যাঁ’ বলে তাতে সমর্থন জানান সংসদ সদস্যরা।

বিদায়ী স্পিকার শিরীন শারমিন এবারো ওই পদে প্রার্থী হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেননি।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ।ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে ছিলেন নতুন ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মা-ও।

শপথ নিচ্ছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

শপথ নিচ্ছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

শপথ নিচ্ছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

সংসদ ভবনের সপ্তম তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে শপথ অনুষ্ঠান চলার সময় ২০ মিনিট মুলতবি থাকে অধিবেশন।

এর অধিবেশন শুরু হলে সভাপতির আসন নেন শিরীন শারমিন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা, সংসদকে কার্যকর করা। এই প্রত্যাশা অনুযায়ী আমাদের সকলকে কাজ করতে হবে।”

রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও....মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও...।”

দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত করায় সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ধন্যবাদ জানান শিরীন শারমিন।

রংপুর-৬ আসনের জনগণকেও ধন্যবাদ জানান তিনি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসেন নোয়াখালীর এই নারী।

এরপর শিরীন শারমিন চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

দশম সংসদের প্রথম অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, এইচ এন আশিকুর রহমান, সাহারা খাতুন, নুরুল ইসলাম সুজন, জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলাম।

নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ, প্রধান হুইপ আ স ম ফিরোজ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ও আব্দুল লতিফ সিদ্দিকী এবং জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

বিদায় নেয়ার আগে শওকত আলীও অভিনন্দন জানান নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে।

গত বছর জিল্লুর রহমানের মৃত্যুর পর আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে শূন্য হয় স্পিকারের আসন, তারপর অপ্রত্যাশিতভাবেই সেই স্থানে আসেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরীন শারমিন।

প্রথমবারের মতো আইনসভায় এসে চার বছরের অভিজ্ঞতাকে পুঁজি করেই সংসদ প্রধানের পদে বসেন ৪৭ বছর বয়সী শিরীন শারমিন। আর এই পদে তিনি প্রথম নারী।

সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে স্পিকার নির্বাচিত হওয়া শিরীন শারমিনের এবারের সংসদ সদস্য নির্বাচিত হওয়া বেশ ঘটনাবহুল।

গত ৫ জানুয়ারির নির্বাচনে পৈত্রিক এলাকা নোয়াখালীর চাটখিল আসনে সরাসরি অংশ নিতে চাইলেও আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। এরপর সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদে যেতে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি।

সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন শিরীন শারমিন চৌধুরী

সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন শিরীন শারমিন চৌধুরী

সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন শিরীন শারমিন চৌধুরী

এর মধ্যেই দুটি আসনে বিজয়ী শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটি ছেড়ে দিয়ে সেখানে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী করেন শিরীন শারমিনকে।

এই উপনির্বাচনের তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ ঠিক হয় ২০ ফেব্রুয়ারি। ফলে কোনোভাবেই দশম সংসদ শুরুর অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য হিসেবে তার থাকাটা অনিশ্চিত হয়ে পড়ে।

তবে রংপুর-৬ আসনে উপনির্বাচনে আর কেউ প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শিরীন শারমিন। রিটার্নিং কর্মকর্তা তাকে নির্বাচিত ঘোষণার পরপরই মঙ্গলবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

বুধবার সকালেই সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ নেন শিরীন শারমিন। বিকালেই স্পিকার পদে পুনর্নির্বাচিত হন তিনি।

পেশায় আইনজীবী শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। তার বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব; মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গাইবান্ধা থেকে বেশ কয়েকবার সংসদে প্রতিনিধিত্ব করেন। নবম সংসদে সরকারি প্রতিশ্রুতি ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি।

শওকত আলীর স্থলাভিষিক্ত হওয়া ৬৭ বছর বয়সী ফজলে রাব্বী পেশায় আইনজীবী। তিনি মাঝে জাতীয় পার্টিতে যোগ দিলেও পরে আওয়ামী লীগে ফিরে আসেন।