২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 05:29 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার দুপুরে এই সংঘর্ষ কবিরহাট বাজারেও ছড়িয়ে পড়ে। এ সময় কবিরহাট বাজারের তিনটি দোকান ও একটি বাস ভাংচুর করা হয়।

কবিরাহাট থানার ওসি মাহবুবুল আলম বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়।”

এতে কয়েকজন আহত হন বলে পুলিশ জানায়।

কবিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু দাবি করেন সংঘর্ষে কবিরহাট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মামুদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও ওমর গাজীসহ ২০ জনকে কবিরহাট স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

কবিরহাট কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ বলেন, “বেলা ১২টার দিকে সংগঠনের কয়েকজন নেতাকর্মী কলেজ মাঠে রোদ পোহাচ্ছিলেন।

“এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে এসে তাকেসহ উপস্থিত নেতাকর্মীদের ওপর অর্তকিতে হামলা চালায়।

“এরপর আহত নেতাকর্মীদেরকে চিকিৎসার জন্য বাজারের ওষুধ দোকানে নিয়ে গেলে সেখানেও কয়েকজনকে মারধর করে এবং তিনটি দোকান ভাংচুর চালায় তারা।”

ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে কবিরহাট কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, “ছাত্রদলের কর্মীদের হামলায় জিহাদ ও জলিলসহ  ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

“তাদের মধ্যে দু’জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।