অনুমতি না মিললেও কালো পতাকা প্রদর্শন: বিএনপি
‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদের প্রথম অধিবেশনের দিন রাজধানীতে কালো পতাকা মিছিলের অনুমতি চাইলেও ২৪ ঘণ্টা আগেও তা পায়নি বিএনপি।
অনুমতি না পাওয়া গেলে কেন্দ্রীয়ভাবে না হলেও রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা প্রদর্শন করা হবে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই সময়ে দলের মুখপাত্রের দায়িত্ব পালনকারী আসাদুজ্জামান রিপন।
বুধবার বিকালে বসতে যাচ্ছে বিএনপিবিহীন দশম সংসদ। এই সংসদকে ‘অবৈধ’ আখ্যায়িত করে রাজধানীসহ সারাদেশে এদিন কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছেন খালেদা জিয়া।
কর্মসূচি ঘোষণার পর বিএনপি নয়া পল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান থেকে মিছিলের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশে আবেদন করে বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো অনুমতি মেলেনি বলে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান।
অনুমতির জন্য বুধবার পর্যন্তও অপেক্ষা করবেন জানিয়ে তিনি। বলেন, “আমরা এখনো আশা করছি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।”
“শেষ পর্যন্ত অনুমতি না পাওয়া গেলে রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা প্রদর্শন করবে ১৯ দলীয় জোট। তবে সারাদেশে জেলা-মহানগর-উপজেলায় কালো পতাকা মিছিল যথারীতি হবে।”
১৯ দলের এই কর্মসূচি ‘শান্তিপূর্ণ’ জানিয়ে আসাদুজ্জামান বলেন, “ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে বুধবার কথিত দশম সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে। এই সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই। সেজন্য আমরা প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি দিয়েছি।”
বিএনপি নেতা অভিযোগ করেন, তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে দুদক হয়রানি করছে।
“ইকবাল মান্দ বানু কেবল তারেক রহমানের শ্বাশুড়িই নন। তিনি সাবেক নৌবাহিনী প্রধানের স্ত্রী, একজন সমাজসেবক। তারেক রহমানের শ্বাশুড়ি হওয়ার কারণে প্রতিহিংসার বশে সরকার আজ দুদকের মাধ্যমে তার সম্পদের হিসাব নিচ্ছে। তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে।”
এই প্রসঙ্গে গ্রামীণ ব্যাংক থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়ার বিষয়টিও তুলে ধরেন আসাদুজ্জামান।
আওয়ামী লীগের গত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের বিচার দাবি করেন তিনি।
“ক্ষমতাসীন দলের লোকজনকে দুদক বাঁচানোর চেষ্টা করছে। উল্টো বিরোধী দলের লোকজনকে হয়রানি করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামানের সঙ্গে ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ প্রমুখ।
