৪ বিএনপিনেতার জামিন স্থগিতের আবেদন
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির চার নেতার জামিন স্থগিত চেয়ে চেম্বার জজের কাছে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
অপর তিন নেতা হলেন- স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এমকে আনোয়ার এবং যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহাবুব উদ্দিন খোকন।
বুধবার চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে বিএনপি নেতাদের জামিনের বিরুদ্ধে স্থগিতাদেশে চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. সেলিম।
মির্জা ফখরুল, মওদুদ ও এমকে আনোয়ারের বিষয়ে কোনো আদেশ না দিলেও খোকনের জামিন স্থগিতের আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার জজ।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আবদুল ওয়াহাব, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার রাগিফ রউফ।
এজে মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ থেকে মাহাবুব উদ্দিন খোকনের তিনটি মামলায় জামিন স্থগিত চেয়ে করা আবেদনে (নো অর্ডার) কোনো আদেশ না দিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই আবেদনের শুনানি হতে পারে।
মির্জা ফখরুলের জামিনের স্থগিতাদেশের আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানান তিনি।
ওই চারজনের মধ্যে ফখরুল ও খোকন জামিনে মুক্ত আছেন। জামিন পেলেও আরো কয়েকটি মামলায় কারাগারে আটক আছেন মওদুদ ও এমকে আনোয়ার।
ভাংচুর ও বিস্ফোরণের ঘটনায় ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর মতিঝিল থানায় করা দুটি মামলায় গত ৮ নভেম্বর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই দুজনকে আটক করে পুলিশ। এই মামলাদুটিতে গত রোববার হাইকোর্ট তাদের জামিনের আদেশ দিলেও অন্যান্য মামলায় তারা আটক রয়েছেন।
গত ১৬ জানুয়ারি রমনা থানায় একটি ও মতিঝিল থানায় দুইটি মামলায় খোকনকে জামিন দেয় হাইকোর্ট, যার বিরুদ্ধে বুধবার স্থগিতাদেশ চাওয়া হয়।
এর মধ্যে সকালে মাহাবুব উদ্দিন খোকন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
