মওদুদদের কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতাকে মতিঝিল থানার দুটি মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
এই পাঁচজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার, সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তাদের জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে মহানগর হাকিম আসাদুজ্জআমান নূর মঙ্গলবার এই আদেশ দেন।
এর মধ্যে গত ২৪ সেপ্টেম্বর গাড়ি ভাংচুরের অভিযোগে মতিঝিল থানার মামলায় হাফিজউদ্দিন আহমেদকে এবং বাকি চারজনকে মতিঝিলে হেফাজতকাণ্ডের মামলায় তিন দিনের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্ত কর্মকর্তারা।
তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডে চেয়েছিল পুলিশ।
এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদকে মতিঝিলের আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুর্নীতি দমন কমিশন।
অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গত ১৭ ডিসেম্বর মওদুদের বিরুদ্ধে গুলশান থানায় এই মামলা হয়।
দুদকের উপ পরিচালক হারুন অর রশিদ এই মামলায় মওদুদকে গ্রেপ্তার দেখিয়ে কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মহানগর হাকিম মুস্তাফিজুর রহমানের আদালতে আবেদন করেন।
আদালতে দুদকের প্রসিকিউশন শাখার কর্মকর্তা আবদুর রশিদ জানান, বিচারক আবেদনটির ওপর শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন রেখেছেন।
মওদুদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের মামলা
