২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ দলের সমাবেশে যাবেন কাজী জাফর

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ২০ জানুয়ারির সমাবেশে অনুসারীদের নিয়ে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন  জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা কাজী জাফর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

শাহাজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 11:31 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “একতরফা নির্বাচন জনগণ প্রত্যাখান করার পর বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে যে বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করেছেন, তা সময়োপযোগী পদক্ষেপ বলে আমরা মনে করি।

“দেশের মানুষ চায়, স্বাভাবিক রাজনীতিতে বিএনপিসহ বিরোধী জোট ফিরে আসুক।”

১৮ দলের  ২০ ও ২৯ জানুয়ারির কর্মসূচিকে স্বাগত জানিয়ে কাজী জাফর বলেন, “এই দুটি কর্মসূচিতে আমরা অংশ নেবো।”

আগামী ২০ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে গণসমাবেশ এবং দশম সংসদ অধিবেশনের শুরুর দিন ২৯ জানুয়ারি রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল  করবে ১৮ দলীয় জোট। গত ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জোট নেতা খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন।

গুলশানের কার্যালয়ে রাত সাড়ে ৯টা থেকে প্রায় এক ঘণ্টা এই বৈঠক হয়।  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কাজী জাফর আহমদ সাংবাদিকদের বলেন, “নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের কর্মকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা জাতীয় পার্টি কিভাবে এই আন্দোলনে যুগপৎভাবে অংশ নিতে পারি, সে বিষয়টি আলোচনা করেছি।”

গত ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প না থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।

জাতীয় পার্টির নির্বাচনে যাওয়া নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে মতবিরোধের জের ধরে দল থেকে বহিষ্কৃত হন কাজী জাফর। পরে অনুসারীদের নিয়ে জাতীয় পার্টির বিকল্প একটি কমিটি গঠন করেন তিনি।