প্রার্থী হতে ফরম কিনলেন স্পিকার
দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন ফরম কিনেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।
দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় মনোনয়ন ফরম তুললেও দলের মনোনয়ন পাননি দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন।
সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে নবম জাতীয় সংসদে প্রথম আইনসভায় আসেন পেশায় আইনজীবী শিরীন শারমিন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
জিল্লুর রহমানের মৃত্যুর পর নবম সংসদের স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সরকারের মেয়াদের আট মাস বাকি থাকতে স্পিকার হন শিরীন শারমিন। গত ৩০ এপ্রিল রাষ্ট্রপতির কাছে তিনি স্পিকার হিসাবে শপথ নেন।
শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।
১৯৮৩ সালে ঢাকা বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান নিয়ে এসএসসি পাস করেন শিরীন। দুই বছর পর একই বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান নিয়ে এইচএসসি পাস করেন।
১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং ১৯৯০ সালে অবস্থান অটুট রেখেই এলএলএম ডিগ্রি নেন শিরীন শারমিন। এরপর উচ্চ শিক্ষার জন্য কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে যান তিনি।
সম্প্রতি যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটির কাছ থেকে সম্মনসূচক ডিগ্রি পাওয়ার আমন্ত্রণও পেয়েছেন শিরীন শারমিন।
শিরীন বার কাউন্সিলের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন ১৯৯২ সালে। ১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৮ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন।
আইনজীবী হিসেবে পেশাগত জীবনে নারীর সম-অধিকারের জন্য কাজ করেছেন শিরীন শারমিন। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকার সময়েই ‘নারী উন্নয়ন নীতিমালা’ পাস হয়।
