খালেদার কাছে যাচ্ছেন পঙ্কজ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকের সময় নির্ধারণ হয়েছে বলে জানিয়েছেন দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী।
বিএনপির বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর খালেদার সঙ্গে এটাই ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাৎ হবে।
শমসের মবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতীয় হাইকমিশনার বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎ চেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।”
বিএনপিবিহীন নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি বলে পশ্চিমা দেশগুলো বলে এলেও এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ছিল ভিন্ন।
সাংবিধানিক সঙ্কট এড়াতে এই নির্বাচন প্রয়োজন ছিল উল্লেখ করে শেখ হাসিনার নতুন সরকারকে সমর্থনও দিয়েছে নয়া দিল্লি।
ভোটের আগে বিএনপির বিভিন্ন নেতা বিভিন্ন সভায় অভিযোগ করে আসছিলেন, ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সচেষ্ট।
ফাইল ছবি
তবে নির্বাচনের পর বুধবার প্রথম সংবাদ সম্মেলনে খালেদা ভারতের নাম উল্লেখ না করে বলেছেন, তিনি সবে দেশে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চান।
ওই সংবাদ সম্মেলনের পরই খালেদার সঙ্গে পঙ্কজ সরণের বৈঠকের সূচি জানানো হল।
পঙ্কজের সঙ্গে খালেদার শেষ দেখা হয়েছিল গত মাসের প্রথম সপ্তাহে। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে হাইকমিশনারও তখন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে ছিলেন।
