২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা কোথায়, প্রশ্ন চুন্নুর

বিরোধী দলের আসনে বসেও সরকারের মন্ত্রী হওয়ায় কোনো সমস্যা দেখছেন না জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 10:59 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বিএনপিবিহীন নির্বাচনে দশম সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া এইচ এম এরশাদের দলের তিনজন সংসদ সদস্য শেখ হাসিনার নতুন সরকারে যোগ দিয়েছেন, যার মধ্যে চুন্নু শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

একই সঙ্গে বিরোধী দল এবং সরকারে অবস্থান নেয়া নিয়ে জাতীয় পার্টির সমালোচনা হচ্ছে।

শপথ নেয়ার পরদিন কর্মস্থলে যোগ দিয়ে চুন্নু সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “সরকারের সঙ্গে থেকেও যদি কোনো বিরোধী দল দেশের স্বার্থবিরোধী কাজে সরকারকে ‘স্ট্রংলি অপজ’ করে সেখানে তো সমস্যা নেই।”

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “যে বিরোধী দল পার্লামেন্টে যাবে না, যে দলের নেত্রী বছরে মাত্র ছয় দিন সংসদে যাবেন, সে রকম বিরোধী দল থেকে লাভ কী?

“যে বিরোধী দল পার্লামেন্টে থেকে সরকারের সমালোচনা করবে না, সেরকম নামকাওয়াস্তে বিরোধী দল থেকে কোনো লাভ নেই।”

নবম জাতীয় সংসদে ৪১৮ কার্যদিবসে বিরোধী দল বিএনপি উপস্থিত ছিল ৭৬ দিন। ওই সংসদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উপস্থিত ছিলেন মাত্র ১০দিন।

বিশ্লেষকরা বলছেন, যেহেতু সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না। সেহেতু সরকারে থাকায় জাতীয় পার্টি বিরোধী দলের যথার্থ ভূমিকা পালন করতে পারবে না।

চুন্নু বলেন, “এর উত্তর সহজ। সাংবিধানিক এমন কোনো প্রশ্ন দেখা দিলে আমার পক্ষে অন্য কেউ বিল আনবে। সংসদে ভোটের প্রশ্ন আসলে প্রধানমন্ত্রী অন্য কোনো মন্ত্রীকে দায়িত্ব দিতে পারেন।”

সরকারে থেকেও বিরোধী দলের ভূমিকা পালনের কয়েকটি নজির তুলে ধরেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এই সদস্য।

“বিরোধী দল থেকে মন্ত্রী হয়েও সরকারের গঠনমূলক সমালোচনা করা যায়। এর সাম্প্রতিক উদাহরণ পাকিস্তানের পিপিপি সরকার। এর পার্লামেন্টের অপজিশনে ছিলেন নওয়াজ শরিফ, আবার তার দলের কয়েকজন মন্ত্রী ছিলেন।”

“আমেরিকার প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির, তার ডিফেন্স মিনিস্টার রিপাবলিকান পার্টির। সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা যখন সরকার গঠন করেন, ক্লার্ককে ভাইস প্রেসিডেন্ট করে তিনি সরকার চালিয়েছিলেন। যেই ক্লার্কের সরকার তাকে জেলে পাঠিয়েছিল।”