শপথ নিয়ে বিতর্ক এড়িয়ে গেলেন স্পিকার
নবম সংসদের মেয়ার পূর্তির আগেই দশম সংসদের সদস্যদের শপথ নিয়ে তৈরি হওয়া বিতর্কে জড়ালেন না জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
নবম সংদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জানুয়ারি। তার আগেই বৃহস্পতিবার শপথ নিলেন দশম সংসদের নবনির্বাচিত সদস্যরা।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের সংসদ বহাল রেখে সরকারের মেয়াদ শেষের আগে দশম সংসদ নির্বাচন হয়, যাতে আপত্তি ছিল নির্দলীয় সরকারের দাবিতে ভোট বর্জনকারী বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের।
দশম সংসদের নবনির্বাচিত সদস্যরা নবমের মেয়াদ শেষের আগেই শপথ নেয়ায় দুটি সংসদ ক্রিয়াশীল থাকছে বলে কেউ কেউ বলছেন।
বৃহস্পতিবার সাংসদদের শপথের পর সাংবাদিকরা এ বিষয়ে স্পিকারের মতামত জানতে চাইলে তিনি বলেন, “এটি আইনি ব্যাখার বিষয়। আমি কিছু বলতে পারি না।”
দুটি সংসদের সাংসদরাই বহাল থাকছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকতেই পারে। এখানে আমার কিছু বলার নেই।”
অবশ্য বৃহস্পতিবারই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, দশম সংসদ ২৪ জানুয়ারির আগে বসলে এই প্রশ্ন আসত। কিন্তু যেহেতু তা হচ্ছে না, তাই এ নিয়ে প্রশ্ন তোলাটা ‘অবান্তর’।
সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদের শর্তাংশে বলা হয়েছে, ... সাধারণ নির্বাচনে নির্বাচিতরা সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সংসদ সদস্যরুপে কার্যভার গ্রহণ করবেন না।
এদিকে ১৪৮ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, “যে ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথগ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে।”
বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
বুধবার দুপুরে ইসির অনুমোদনের পর ২৯০টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।
সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে গেজেট প্রকাশের পরদিনই শপথ নিলেন দশম সংসদের সাংসদরা।
দুটি সংসদ থাকার প্রশ্ন অবান্তর: মাহবুবে আলম
