‘প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দেয়া উচিত’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সমঝোতার প্রস্তাবে বিএনপির সাড়া দেয়া উচিত বলে মনে করেন নাগরিক সমাজের দুজন প্রতিনিধি।
সোমবার নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রতিপক্ষের প্রতি নতুন করে আলোচনার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোটের অন্যতম প্রধান শরিক জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করে আলোচনায় আসতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রধানমন্ত্রীর প্রস্তাবকে ইতিবাচক মন্তব্য করে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করে বিএনপিকে সংলাপে বসার পরামর্শ দেন।
ফরাসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমঝোতার প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব। তবে কার সাথে সেই সমঝোতার আলাপ? যে দল বাংলাদেশকে স্বীকার করে না, মুক্তিযুদ্ধের বিপক্ষে ৪৩ বছর পরও। সেই জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে সমঝোতার আলাপের পক্ষে আমি না। ওদের নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে রিট আছে।”
তিনি বলেন, “খেয়াল করে দেখুন, ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের ভোট ৩৮ থেকে ৩৯ শতাংশ আর বিএনপির ৩৪ থেকে ৩৫ শতাংশ। শুধু গত নির্বাচনে আওয়ামী লীগ ৪৮ শতাংশ ভোট পেয়েছিল।
“নির্বাচন বন্ধ, প্রতিহত, জ্বালাও-পোড়াও এসব ছেড়ে তারা সমঝোতায় আসতে পারলে তো দেশের মানুষের জন্য অনেক স্বস্তির হবে। তবে সমঝোতা জামায়াতের সাথে করা যাবে না। বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, বড় রাজনৈতিক দল, তাদের সাথে সমঝোতা হতে পারে।
“আমার মনে হয়, আজকে প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফের পর পরিস্থিতি উন্নতি হবে।”
ইফতেখারুজ্জামান বলেন, “আমি মনে করি, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে যে ইলেকশন হয়েছে, এতে অন্তত এই নির্বাচনকে আইনগত ভিত্তিতে চ্যালেঞ্জ করা যাবে না।
“তাই, নির্বাচন পরবর্তী প্রধানমন্ত্রীর সমঝোতা আলোচনাকে আমি ইতিবাচক হিসাবেই দেখছি। একটা রোডম্যাপ করা যেতে পারে; আলোচনা এবং আলোচনার ধরণ প্রকৃতি নিয়ে।”
পরিস্থিতির অবনতির আশঙ্কা করে তিনি আরো বলেন, “সরকারের এই প্রস্তাব যদি বিএনপি না গ্রহণ করে, তবে সাংবিধানিক হলেও ম্যাণ্ডেটবিহীন নির্বাচনের মধ্য দিয়ে সংসদ চালিয়ে গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হবে।”
ইফতেখার বলেন, “দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে, বিএনপির নিজস্ব শক্তি, আস্থা বাড়ানো দরকার। আস্থাহীনতার কারণে তাদের জামায়াতের ওপর ‘ডিপেন্ডেসি’ তৈরি হয়েছে। সারাদেশে জামায়াতের সহিংসতা মানুষ আর মেনে নিতে পারছে না। জনসমর্থনের বিবেচনায় বিএনপির জামায়াত ইসলামীর সঙ্গ ছেড়ে চলে আসা উচিত।”
প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতা বন্ধের শর্তে বিএনপির সঙ্গে সমঝোতা করে নতুন করে সংসদ নির্বাচনের কথা বলেন।
নাগরিক সমাজের একটি অংশও জামায়াতকে ছেড়ে এসে সংলাপে বসতে পরামর্শ দেন বিএনপিকে।
