২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারচুপির অভিযোগ আ. লীগ ও জাসদ প্রার্থীর

ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগ প্রার্থী ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 10:44 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার বিকালে স্বতন্ত্র প্রার্থী গাইবান্ধা প্রেসেক্লাবে এবং আওয়ামী লীগ প্রার্থী গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থী সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাসদের (ইনু) কেন্দ্রীয় নেতা এসএম খাদেমুল ইসলাম খুদি জেলা রিটার্নিং অফিসারের বরাবরে লিখিত অভিযোগে নির্বাচন বর্জন এবং কয়েকটি কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে খাদেমুল ইসলাম জানান, সাদুল্লাপুর উপজেলার ২৬টি কেন্দ্রের ব্যালট পেপারসহ নির্বাচন উপকরণ আগুনে পুড়ে দেয়া হয়েছে। পলাশবাড়ী উপজেলায় ৫৩টি কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসার নির্বাচন সামগ্রী নিয়ে যেতে পারেননি।

তিনি অভিযোগ করেন, সাদুল্লাপুরের বকশীগঞ্জ, ছান্দিয়াপুর, ছাইগাড়ি, জামালপুর, ভাতগ্রাম, খোর্দ্দরুহিয়া, টিয়াগাছা, গঙ্গা নারায়ণপুরসহ বিভিন্ন কেন্দ্রে সরকার দলীয় প্রার্থী ইউনুস আলী সরকারের সমর্থকরা আতংক সৃষ্টি করে অস্ত্রের মুখে শনিবার রাতেই ব্যালট পেপারে নৌকা প্রতীকে সীল মেরে রেখে দেয়।

পরে সেগুলো নির্বাচনের সময় ব্যালট বাক্সে ঢোকানো হয়।

এছাড়া দুপুর ১টার দিকে ভোটার উপস্থিত থাকা সত্ত্বেও সাদুল্লাপুর উপজেলার সকল ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম প্রশাসনের সহযোগিতায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

তিনি এ দুই উপজেলার নির্দষ্ট কেন্দ্রগুলোতে আবার ভোট গ্রহণের দাবি জানান।

এদিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগ প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান (আওয়ামী লীগের বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা ভোট কেন্দ্রগুলোতেও নানা অনিয়ম, ভোট ছিনতাই, অগ্নিসংযোগ, সন্ত্রাস সৃষ্টি করে। তারা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সীল মেরে ভোট বাক্সে ঢোকায়।

তিনি আরো জানান, এই কারণে তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়ে ওই আসনে ভোট প্রত্যাখ্যান করেন এবং পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।