‘পুতুল নাচ’ প্রত্যাখ্যান করুন: বিএনপি
দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘পুতুল নাচের নির্বাচন’ আখ্যায়িত করে দেশবাসীকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
শনিবার বিকালে দলের জরুরি সংবাদ ব্রিফিংয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ওসমান ফারুক বলেন, “এটি একটি পুতুল নাচের নির্বাচন, খেলাঘরে যেভাবে পুতুল খেলার নাচ হয় সেরকম। দেশের জনগণ এই নির্বাচন ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে।
“সরকারকে বলে দিতে চাই, এখনো সময় আছে, পাতানো নির্বাচন বন্ধ করে নিজেদেরকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা করুন।”
একইসঙ্গে এই নির্বাচনের ফলে উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনির্দিষ্টকালের অবরোধ ও ভোর থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির সর্বশেষ অবস্থান জানাতে গুলশানে নিজের বাসায় ওসমান ফারুক এই সংবাদ ব্রিফিং করেন।
এসময় তিনি বলেন, দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের প্রতি ভোট কেন্দ্র বর্জনের জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।
“একই সঙ্গে সবাইকে সোচ্চার কণ্ঠে আওয়াজ তোলার জন্য বলছি- সরকারের একতরফা প্রহসনমূলক নির্বাচনকে ‘না’ বলুন এবং গণতন্ত্রকে ‘হ্যা’ বলুন।”
দল ও জোট নেতা-কর্মীরা ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার কার্যক্রম চালাচ্ছে বলেও জানান ওসমান ফারুক।
নির্বাচন বন্ধে কমিশনের কাছে শেষ বারের মতো যাবেন কিনা জানতে চাইলে সাবেক মন্ত্রী বলেন, “এই কমিশন একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান। জনগণ একে মানে না। তাই এরকম একটি জনগণ দ্বারা প্রত্যাখ্যান কমিশনের কাছে যাওয়ার প্রশ্নই উঠে না।”
ভারত থেকে আসা আজকাল ও এনডিটিভি’র সাংবাদিকরা বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করতে চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিরোধী দলীয় নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আপনারা যেয়ে দেখুন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে কাউকে তার বাসায় যেতে দিচ্ছে না।”
পুলিশি বাধার কারণে শুক্রবার রাতে নিউইয়র্ক টাইমসের একজন সাংবাদিক বিরোধী দলীয় নেতার সঙ্গে দেখা করতে পারেননি বলেও জানান তিনি।
ওসমান ফারুক দাবি করেন, ৪৮ ঘণ্টার প্রথম দিনে সারাদেশে তিন শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সারাদেশে ১৮ দলীয় জোটের কয়েকশ’ নেতা-কর্মী আহত হয়েছেন।
সংবাদ ব্রিফিংয়ে দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।
