২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনের পরই চূড়ান্ত লড়াই’

নির্বাচনের পরই ‘চূড়ান্ত  লড়াই’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন  সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 10:41 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে পেশাজীবী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ নেতা ইয়াফেস বলেন,  “এ লড়াইয়ে আমাদেরকে অবশ্যই জয়ী হতে হবে। কারণ বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধী শক্তি যেভাবে সন্ত্রাস বোমাবাজি করে নির্বাচন বানচাল ও বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৎপর হয়ে উঠেছে।”

তিনি বলেন, “ওরা আমাদের ঘরে আগুন দিয়েছে। এখন ঘরে বসে থাকার সুযোগ নেই। ”

চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায়  এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও চট্টগ্রাম-৯ আসনের মহাজোট প্রার্থী জিয়া উদ্দিন বাবলু বলেন, “দেশকে সত্যিকারের পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের মূল চেতনায় প্রতিষ্ঠিত করতে হলে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের বহিঃপ্রকাশ ঘটাতে হবে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত,পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ কলেজ শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার,বিএমএ মহাসচিব প্রফেসর ইকবাল কবির আর্সলান প্রমুখ।