আ. লীগ থেকে ‘ট্রেইনিং’ নিন: কাদের
বিএনপি বিরোধী দল হিসেবে আন্দোলন সংগঠনে ব্যর্থ হয়েছে দাবি করে আওয়ামী লীগের কাছ থেকে তাদের প্রশিক্ষণ নেয়া উচিত বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
“গত পাঁচ বছরে তারা প্রমাণ করেছে, আন্দোলন করার সাহস ও সক্ষমতা কোনোটিই তাদের নেই। আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের কাছ থেকে বিএনপিকে ট্রেইনিং নেয়া দরকার “ বলেছেন তিনি।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচনে প্রতিহত করতে বিএনপির আন্দোলন নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।
৫ জানুয়ারির নির্বাচন রুখতে হরতাল-অবরোধের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি পণ্ড করে দিয়েছে সরকার। এরপর বুধবার থেকে টানা অবরোধ ডেকেছে বিরোধী জোট।
কাদের বলেন, “তাদের আন্দোলন সরকার পতনের হলেও সে লক্ষ্য তারা ভেদ করতে পারেনি। যে টার্গেট নিয়ে আন্দোলন করেছে তার একটাও সফল হয়নি।”
“বিরোধী দলের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে নয়া পল্টনে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর মতো একজন নেতাকর্মীও ছিল না।”
বিএনপির স্থায়ী কমিটির ১৭ সদস্যের পাঁচজন এবং কেন্দ্রীয় কমিটির ৩৮৫ সদস্যের ৭/৮ জন কারাগারে রয়েছে স্বীকার করে কাদের বলেন, “উপদেষ্টা কমিটির মোটামুটি সবাই বাইরে থাকলেও গত কর্মসূচিতে নেতৃত্ব দেয়ার মতো একজনকেও খুঁজে পাওয়া গেল না!”
‘জেলে গেলে সাহস বাড়বে’
সক্রিয় নেতাদের গ্রেপ্তার নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “আন্দোলন যারা করবে, তাদের জেলের অভিজ্ঞতাও বাড়ুক। কারাগারে গেলে নেতৃত্ব পাকাপোক্ত হবে। সাহসের অভাব থাকবে না।”
ফাইল ছবি
এ সময় নিজের রাজনৈতিক জীবনের কারাবাসের অভিজ্ঞতাও তুলে ধরেন জিয়াউর রহমানের আমলে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা ওবায়দুল কাদের।
কারাগারে নিয়ে বিএনপি নেতাদের কি ‘ট্রেইনিং’ দেয়া হচ্ছে- প্রশ্ন করা হলে তিনি বলেন, “ট্রেইনিং না, যা হচ্ছে আইন ও নিয়মানুযায়ী হচ্ছে।”
খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কিনা- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “ডিএমপি কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। উনি (খালেদা জিয়া) বারবার নিরাপত্তার জন্য অনুরোধ করেছেন।”
টানা অবরোধ কর্মসূচি নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সহিংসতা ও নাশকতা হলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
“আমরা কিছু করব না, যদি তারা বোমা হামলা না করে মানুষ না মারে,” বলেন তিনি।
‘খালেদা জিয়া রেগে গিয়ে হেরে গেলেন’
