ধাওয়া খেয়েছি: কাজী জাফর
খালেদা জিয়ার ডাকে ঢাকামুখী অভিযাত্রায় অংশ নিতে গিয়ে ‘প্রশাসনের’ ধাওয়ার শিকার হয়েছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টি (জাফর) এর চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
এই ঘটনায় ক্ষোভ জানিয়ে রোববার এক বিবৃতিতে সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, নির্দলীয় সরকারের দাবি মানা না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।
জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হয়ে নতুন দল গঠন করা কাজী জাফর বলেন, “গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির সমর্থনে প্রেসক্লাবে জাতীয় পার্টির সংহতি সমাবেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে পার্টির প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগম ও কেন্দ্রীয় নেতা এস এম মিন্টু সহ প্রায় ৩৫ জন নেতাকর্মীকে।
“এছাড়া জাতীয় রাজস্ব ভবনের সামনে আমার গাড়িকে প্রশাসনের লোকেরা ধাওয়া করে, কিন্তু আমাকে গ্রেপ্তার করতে পারে নাই।”
খালেদা জিয়াকে বের হেত বাধা দেয়ায়ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই সরকারের সমালোচনা করেন তিনি।
“আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে নির্বাচন স্থগিত করুন, নির্বাচনী তফসিল বাতিল করুন এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করে নতুন নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় দেশে সৃষ্টি হবে প্রচণ্ড গণঅভ্যুত্থান, যা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে।”
সম্প্রতি দলের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেয়ার কারণে জাতীয় পার্টি থেকে কাজী জাফরকে বহিষ্কার করেন এইচ এম এরশাদ। এর পাল্টায় এরশাদকে পার্টি থেকে বহিষ্কার করে নতুন জাতীয় পার্টি গঠন করেন জাফর।
দল গঠনের পর বিরোধীদলীয় নেতা খালেদার সঙ্গে একাধিকবার দেখা করেন কাজী জাফর।
