কর্মসূচি ঘোষণার পর হাফিজউদ্দিন গ্রেপ্তার
‘ঢাকামুখী অভিযাত্রা’ পণ্ডের পর নতুন কর্মসূচি ঘোষণা করে সংবাদে সম্মেলনের পরপরই গ্রেপ্তার হয়েছেন বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ।
রোববার সন্ধ্যা সোয়া ৭টায় সংবাদ সম্মেলন শেষ করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে নিজের গাড়িতে চড়ে রওনা হন হাফিজ।
ফটকের সামনে এলে সাদা পোশাকের পুলিশ সদস্যরা হাফিজকে থামান। তাকে নামিয়ে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়।
এই বিষয়ে জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর উপকমিশনার মাসুদুর রহমান বলেন, “হ্যাঁ, উনাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তবে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কিছু বলতে রাজি হয়নি। এর আগেও পুলিশ বিএনপি নেতাদের আটকের বেশ পর হরতাল-অবরোধের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছিল।
হাফিজকে গ্রেপ্তারের প্রতিবাদে তার নির্বাচনী এলাকা ভোলার তজুমদ্দিন উপজেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।
এছাড়া লালমোহন উপজেলা বিএনপি মিছিল করেছে, যাতে আওয়ামী লীগের হামলায় অন্তত ১৫ জন আহত হন।
‘ঢাকামুখী অভিযাত্রী’ কর্মসূচির দিন হাফিজের আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীকে আটক করে পুলিশ।
পুলিশের বাধায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এই কর্মসূচি পণ্ড হলেও সোমবার একই কর্মসূচি দেয়া হয়েছে।
আটকের আগে ওই সংবাদ সম্মেলনে হাফিজ সারাদেশে ৫ জানুয়ারির নির্বাচন পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
নির্বাচন বর্জন করে আন্দোলনের মধ্যে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন।
সর্বশেষ বৃহস্পতিবার গ্রেপ্তার হন দলের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন।
সংসদ সদস্য শাম্মী আক্তারকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।
মঙ্গলবার গুলশানে খালেদার কার্যালয়ের সামনে থেকে বিএনপির মহিলা সংসদ সদস্য শাম্মী আক্তার, এবং খালেদার বাড়ির সামনে থেকে সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে আটক হয়ে কারাগারে রয়েছেন মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গোলাম আকবর খন্দকার, আব্দুল আউয়াল মিন্টু, শামসুর রহমান শিমুল বিশ্বাস।
নির্বাচন পর্যন্ত কর্মসূচি চলবে: বিএনপি
খালেদার উপদেষ্টা ইনাম আহমেদ আটক
নয়া পল্টনে মহিলা দলের পাঁচ নেতা আটক
