নাশকতা না হলে বাধাও নেই: কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের ‘ঢাকামুখী অভিযাত্রা’ কর্মসূচিতে নাশকতা না হলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেয়া হবে না।
নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ওই কর্মসূচি ঘোষণার পর বিএনপির কয়েকজন নেতাকে আটকের মধ্যে বৃহস্পতিবার একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আমাদের অভিজ্ঞতা হচ্ছে বিরোধী দলের আন্দোলন মানেই নাশকতা।
“নাশকতা হবে না, বিরোধী দল যদি এ গ্যারান্টি দেয়, নির্বাচন কমিশনও যদি অনুমোদন দেয়, সেক্ষেত্রে সরকারের আপত্তি থাকবে না।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তাদের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি হবে শান্তিপূর্ণ; তবে এই কর্মসূচিকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির প্রয়াস হিসেবে দেখছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা।
ওবায়দুল কাদের বলেন, “অগণতান্ত্রিক পন্থায় গণতন্ত্রকে বাঁচাতে চেষ্টা করা হচ্ছে, গণতন্ত্রকে বাঁচাতে হলে আলোচনায় আসতে হবে, সহিংস পথে হবে না।”
বিরোধী দলের সাম্প্রতিক কর্মসূচিতে সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, “গত দুই মাসের হরতাল-অবরোধের নামে সহিংসতার দৃশ্যপটই আমরা দেখেছি।
“এখন ‘ঢাকা চল’র নামে যদি সহিংসতা সৃষ্টি করা হয়, নাশকতা হয়, সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয়ই বসে থাকবে না।”
বিরোধীদলীয় নেতার বাড়ির সামনে অতিরিক্ত পুলিশের বিষয়ে তিনি বলেন, “তার নিরাপত্তার বিষয়টি তো আমরা হালকা করে দেখতে পারি না।”
দেখা করতে দলীয় নেতাদের বাধা দেয়ার যে অভিযোগ খালেদা করেছেন, সে বিষয়ে কাদের বলেন, “এ বিষয়টি আমার জানা নেই। এটি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন।”
বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর আমরা সংলাপের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারি, তা বিরোধী দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই হবে।”
