শাম্মীকে গ্রেপ্তার করিনি: পুলিশ
গুলশানের কার্যালয়ের সামনে থেকে আটক করতে দেখা গেলেও বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তারকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত সোয়া ৯টার দিকে বিএনপি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার পথে শাম্মীকে পুলিশ তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।
তবে এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা উনাকে গ্রেপ্তার করিনি।”
এর আগে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনিকেও কার্যালয়ে ঢোকার পথে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।
শাম্মীর সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিদ আউয়ালকেও তুলে নিয়ে যায় পুলিশ।
মাল্টিমোড গ্রুপের ডেপুটি সিইও তাবিদের বাবা ব্যবসায়ী নেতা মিন্টুকে এক মাস আগে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।
তার আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় গিয়ে আটক হন সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বড়দিনে বুধবার খ্রিস্টান ধর্মের প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ছিল। ওই অনুষ্ঠানের আগে পরে পুলিশের এই তৎপরতা দেখা যায়।
