প্রধানমন্ত্রীর দেশের গানে কণ্ঠ মেলালেন সবাই
বড় দিনের এক অনুষ্ঠানে কেক কাটার পর সবার অনুরোধে একটি দেশের গানও গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে কণ্ঠ মিলিয়েছেন অনুষ্ঠানের অন্য সবাই।
নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মঙ্গলবার গণভবনে যান খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধি দল।
ওই অনুষ্ঠানে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ মানকিনের অনুরোধে ‘ধন-ধান্য-পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটিতে কণ্ঠ দেন শেখ হাসিনা।
বড় দিনের আগের রাতে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর বক্তব্য দেন নির্মল রোজারিও, আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও এবং প্রমোদ মানকিন।
বক্তব্য শেষে প্রমোদ মানকিন প্রধানমন্ত্রীকে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ‘ধন-ধান্য-পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি গাওয়ার অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী প্রথমে কিছুটা ইতস্তত করলে সরকারদলীয় সংসদ সদস্য প্রমোদ মানকিন বলেন, “আপনি শুরু করে দিন। তারপর আমরা সবাই শুরু করব।”
এরপর প্রধানমন্ত্রী গানটি শুরু করলে সবাই তার সঙ্গে কণ্ঠ মেলান।
গান শেষে প্রধানমন্ত্রী সবাইকে বড়দিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, “কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা এনেছি। স্বাধীনতার মূল চেতনা সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবেন। ধর্ম যার যার উৎসব সবার।
“আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি।”
