আ. লীগের জন্য নির্বাচন হয়েছে বিষফোঁড়া: নোমান
দশম জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য ‘বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় সংলগ্ন নূর আহমদ সড়কে অবরোধের সমর্থনে সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
নোমান বলেন, “৫ জানুয়ারি নির্বাচন হবে ভোটারবিহীন ও প্রার্থীবিহীন। এ নির্বাচনে কোনো বিদেশি পর্যবেক্ষক আসবে না। জনগণ ইতিমধ্যে একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছে।
“লোকলজ্জার ভয়ে আওয়ামী লীগ স্বীকার না করলেও প্রহসনের এই নির্বাচন তাদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। তোফায়েল, আমু ও হাসানুল হক ইনুর ষড়যন্ত্রের কারেন্ট জালে আটকা পড়েছেন শেখ হাসিনা।”
নির্বাচনের তফসিল স্থগিত করে তত্ত্বাবধায়কের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, “আওয়ামী লীগ যদি একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করে তাহলে তারা গণতন্ত্রের শত্রু হিসেবে চিহ্নিত হবে।”
একদলীয় নির্বাচনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে নোমান বলেন, “যারা এই নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবেন তারা গণ দুশমন হিসেবে চিহ্নিত হবেন।
“এই সরকার শেষ সরকার নয়। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে অতি উৎসাহী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিচারের মুখোমুখি হতে হবে।”
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন বক্তব্য দেন।
সমাবেশে অন্যদের মধ্যে নগর বিএনপির নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দুস সাত্তার, কাজী আকবর প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশের আগে নোমানের নেতৃত্বে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।
