জয়পুরহাটে আ. লীগ অফিসে অগ্নিসংযোগ ১৪৪ধারা জারি
অবরোধে সংঘর্ষের পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
রোববার বেলা ১১টার দিকে উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ১৮ দলীয় জোটের সমর্থকরা।
এ ঘটনার পর পাঁচবিবি পৌর এলাকায় রোববার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
পাঁচবিবি থানার ওসি নূর হোসেন জানান, সকাল থেকে ১৮ দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“এ সময় অবরোধকারীরা ৪/৫টি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। ধাওয়া খেয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা পিছু হটলে অবরোধকারীরা উপজেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া অবরোধকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও অগ্নি সংযোগ করে।”
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোট দফায় দফায় অবরোধ-হরতাল করে আসছে। গত শনিবার থেকে পঞ্চম দফায় শুরু করেছে টানা চারদিনের অবরোধ।
