‘নির্বাচনের পরে দেখা যাবে গ্রহণযোগ্যতা’
দশম সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়টি নির্বাচনের পরে দেখার জন্য রাখতে চান নির্বাচন কমিশনার আবু হাফিজ
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হন হাফিজ। এরই মধ্যে দেশের ৩০০ আসনের ১৫১ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি শুধু আনুষ্ঠানিকতা।
এ অবস্থায় নির্বাচন কমিশনার আবু হাফিজ ও ইসি সচিব মোহাম্মদ সাদিকের বক্তব্যের জন্য অপেক্ষায় ছিলেন গণমাধ্যমকর্মীরা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের পথে ১৫১ প্রার্থী- তবে কি এ নির্বাচন বৈধতা পাবে? এমন প্রশ্নের জবাবে আবু হাফিজ বলেন, “নির্বাচন একটি প্রসেস। তফসিল ঘোষণা থেকে ভোট শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
বিরোধী দলহীন মাত্র ১৬টি দল নিয়ে এ নির্বাচনের বিষয়ে আগাম মন্তব্য করতে চাননি তিনি।
“মাঝখানে এসে গ্রহণযোগ্যতা নিয়ে কিছু বলতে চাই না। শেষ হলে বলতে পারবো কতটুকু গ্রহণযোগ্য হয়েছে।”
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে অনেকে বাড়ি থেকে তুলে এনে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়েছেন এমন অভিযোগ নেই বলে জানিয়েছে ইসি।
এ বিষয়ে জানতে চাইলে আবু হাফিজ বলেন, “প্রত্যাহার করার বিষয়টি আইনি প্রক্রিয়া। রিটার্নিং কর্মকর্তাই আইন মোতাবেক তা করেন, তা বলতে পারবেন।”
প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে বিনা প্রতিদ্বন্দ্বীদের নির্বাচন হওয়ার পর বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন বন্ধের কোনো সুযোগ দেখছেন না এ নির্বাচন কমিশনার।
পরিবর্তিত পরিবেশে ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বাতিলের নজির রয়েছে।
এবার নির্বাচন বাতিলের কোনো সুযোগ রয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে আবু হাফিজ বলেন, “এমন কোনো আইনি জটিলতা দেখা দেয়নি নির্বাচন বন্ধ করে দেয়ার। কোনো আইনি জটিলতা আসেনি ইসির কাছে।”
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচেন না যাওয়ার ঘোষণা ও তার সিএমএইচে অবস্থানে নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ সম্পর্কে আমার কোনো নলেজ নেই।”
