ভোট দিতে যাবে না জেনেই এই কৌশল: বিএনপি
জনগণ ভোট দিতে যাবে না বুঝেই সরকার নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার মত কৌশলী ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই ১৫১ প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, “সরকার বুঝে গেছে, জনগণ নির্বাচনে যাবে না। তাই তারা এমন একটি ব্যবস্থা করছে, যাতে জনগণকে নির্বাচনে ভোট দিতে না হয়। সেজন্য তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার রেকর্ড সৃষ্টি করেছে। বিশ্বের কোথাও এতো বিপুল সংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার নজির নেই।”
“জনগণকে বিভ্রান্ত করার জন্য মহাজোট থেকে সরিয়ে যাদের বিরোধী দল বানানোর চেষ্টা হয়েছিলো, সেই জাতীয় পার্টি নির্বাচন বর্জন সত্ত্বেও তাদের কেউ কেউ বিজয়ী হয়ে গেছেন। এ যেন বিজয়ের মহোৎসব।”
সংবাদ ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান সরকারকে এই পথ পরিহারের আহবান জানান।
তিনি বলেন, “সরকারকে বলি এখনো সময় আছে, নির্বাচন, গণতন্ত্র ও দেশের মানুষকে নিয়ে খেলা বন্ধ করুন। বন্ধ করুন চলমান এই নির্বাচনী নাটক।
“সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় সম্মত হয়ে জনমতের প্রতি শ্রদ্ধা জানান।”
তিনি জানান, দেশের ইতিহাসে এবারই সবচেয়ে কম সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।
নজরুল বলেন, একতরফা নির্বাচনের নামে যা হচ্ছে, তা নির্বাচন নয়। এটা গণতন্ত্র ও নির্বাচনের জন্য আত্মবিধ্বংসী কার্যক্রম।
“নির্দলীয় সরকারের গণদাবি পাশ কাটিয়ে দেশী-বিদেশী গণতান্ত্রিক দেশ ও শক্তির পরামর্শকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ক্ষমতালোভী বধির সরকার একতরফা নির্বাচনের হাস্যকর নাটক মঞ্চায়ন করছে। আমরা জনগণকে বলেছি, এই একতরফা নির্বাচন বর্জন করুন।”
একই সঙ্গে সরকারকে নির্বাচন এখনই বন্ধ করার আহ্বান জানান নজরুল।
ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, গত এক মাসে দেশব্যাপী বিরোধীদলের তিন-শতাধিক নেতা-কর্মী সাদা পোশাকধারী ও র্যাবের পোশাক পরা কিংবা ডিবি পরিচয়ে লোকদের হাতে গ্রেপ্তার হয়ে নিখোঁজ হয়েছে।
তিনি বলেন, “জনমনে প্রশ্ন, এসব গুপ্ত বাহিনী কার নিয়ন্ত্রণে। একটি দক্ষ পেশাদার বাহিনীর পোশাক পরে কিভাবে এহেন ন্যাক্কারজনক গর্হিত কর্ম সাধিত হচ্ছে তা খতিয়ে দেখতে হবে।”
লক্ষ্মীপুর বিএনপি’র জেলা সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু’র বাসায় র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে দুই দলের মধ্যে সম্পর্কে চলমান সংলাপ নজরুল ইসলাম খান বলেন, “সরকার ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে গেছে। গণতন্ত্র ডু্বে যাক, জনগনের ভোটের অধিকার নির্বাসনের যাক, তবুও পুনরায় ক্ষমতায় যেতেই হবে। জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া আলোচনা চলছে। অথচ আওয়ামী লীগ নেতারা বলে যাচ্ছেন, সংলাপ চলছে, কিন্তু সংবিধানের বাইরে গিয়ে কোনো দাবি মানা সম্ভব নয়।”
আন্দোলনের নতুন কর্মসূচি কবে হবে- জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, যথাসময়ে কর্মসূচি গণমাধ্যমকে জানানো হবে।
বিজয় দিবসে সোহরাওয়র্দী উদ্যানে পূর্ব ঘোষিত রোববারের সমাবেশ হবে কিনা প্রশ্ন করা হলে নজরুল জানান, ঢাকা মহানগর পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। আর এ কারণেই ওইদিন থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
