‘গণতন্ত্রকে হত্যা করছে আওয়ামী লীগ’
সরকারকে ‘একতরফা’ নির্বাচনের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ একদলীয় নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা করে গণতন্ত্রের ‘কবর’ রচনা করছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
বক্তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আজ সেই গণতন্ত্রকে আওয়ামী লীগ হত্যা করতে বসেছে। তারা একদলীয় নির্বাচন করে গণতন্ত্রের কবর রচনা করতে চায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ বলেন, “মানুষের গণতান্ত্রিক অধিকার ও বাক স্বাধীনতাকে বন্দি করে গণতন্ত্র চর্চা হয় না। একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশে সাহসী সন্তানরা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। আজ সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে।”
রাজনৈতিক অস্থিরতা ও সংকট সৃষ্টির জন্য সরকারের একগুয়েমিকে দায়ী করেন তিনি।
বিএনপি সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “১৯৭৫ সালে আওয়ামী লীগ এক দলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করেছিলো। এবার একতরফা নির্বাচনে ১৩৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার মধ্য দিয়ে দ্বিতীয়বার তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রকে হত্যা করলো।”
চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, “সরকারকে বলব একদলীয় নির্বাচনের খেলা বন্ধ করুন। নইলে ১৭ ডিসেম্বরের পর আন্দোলনের যে পর্যায় শুরু হবে, তাতে আপনারা পতন ডেকে আনবে।”
দলের সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ. দলের সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা পরিচালনা করেন দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন।
