২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের আবেদন এবার নিল ইসি

ঢাকার আসনে প্রার্থিতা প্রত্যাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের আগের বারের আবেদন গ্রহণ না করলেও বৃহস্পতিবার তা নিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

ও জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 05:58 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

এদিকে আওয়ামী লীগ নির্বাচনে জাতীয় পার্টির আশায় থাকলেও নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে এখনো অটল এরশাদ জাতীয় পার্টির সবার মনোনয়নপত্র বাতিল করতে ইসিকে চিঠি পাঠিয়েছেন।

বিভিন্ন আসনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনও জমা পড়ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে; যদিও দলটির জন্য ৬০টি আসন রেখে ইতোমধ্যে নির্বাচনের আসন বণ্টন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বিএনপির বর্জনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭, রংপুর-৩ ও লালমনিরহাট-১ আসনে মনোনয়নপত্র জমা দেন এরশাদ।  

এরপর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি গত বুধবার মনোনয়ন প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দেন।

লালমনিরহাট ও রংপুরে গৃহীত হলেও স্বাক্ষরের তারিখ ভুল থাকায় চিঠি গ্রহণ করেনি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

এরপর বৃহস্পতিবার প্রতিনিধির মাধ্যমে ঢাকা-১৭ আসনে প্রার্থিতা প্রত্যাহারে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুনরায় আবেদন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জিল্লার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠিটি আমরা তা জমা নিয়েছি।”

এখন এরশাদ প্রার্থী তালিকা থেকে বাদ পড়বেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “শুক্রবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আছে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”

এর আগে ইসি সচিবালয়ে পাঠানো এক চিঠিতে জাতীয় পার্টির প্রার্থীদের পক্ষ থেকে জমা দেয়া সব মনোনয়নপত্র বাতিল করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান দলের চেয়ারম্যান এরশাদ।

তবে রিটার্নিং কর্মকর্তাদের জন্য জারি করা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কোনো আসনে একক প্রার্থীর মনোনয়নপত্র দলীয়ভাবে প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত মেনে শরীয়তপুর জেলার তিনটি আসনের জাপা প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা রামচন্দ্র দাসের কাছে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

তারা হলেন- শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের মাসুদুর রহমান মাসুদ, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সুলতান আহম্মেদ সরদার এবং  শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-গোসাইরহাট-ডামুড্যা) আসনের আবদুল হান্নান হাওলাদার।

শরীয়তপুর জেলা জাতীয় পাটির সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, “পাটির চেয়ারম্যানের নির্দেশে তিনটি আসনেই প্রার্থিতা প্রত্যাহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করার পর তিনি তা গ্রহণ করেছেন।”

জাপা প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার হলে এই তিন আসনে শুধু আওয়ামী লীগের প্রার্থীরাই থাকবেন। তারা হলেন- শরীয়তপুর-১ আসনে বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-২ আসনে শওকত আলী ও শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক।

বৃহস্পতিবার বরিশাল-১ আসনে জাপা প্রার্থী এসএম রহমান পারভেজ এবং বরিশাল-৫ আসনের প্রার্থী মর্তুজা আবেদীনও মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটানিং কর্মকর্তা ও বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

ফলে এই দুই আসনেও আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। এরা হলেন বরিশাল-১ আসনে আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশাল-৫ আসনে শওকত হোসেন হিরন।

এর আগে গত ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন বরিশাল-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী নাসিরউদ্দিন সাথী।

পুরনো খবর:

কাউকে লাঙ্গল না দেয়ার অনুরোধ এরশাদের
সরকার ধূম্রজাল সৃষ্টি করছে: এরশাদ